IPL 2026

আইপিএলের সূচি তৈরি, দু’দফায় হবে ঘোষণা! একটি কারণেই বিলম্ব

আইপিএল শুরুর দিনও পিছিয়েছে। আগে জানা গিয়েছিল, ২৬ মার্চ থেকে শুরু প্রতিযোগিতা। এখন জানা গিয়েছে, ২৮ বা ২৯ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১১:৪২
cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

কবে শুরু এ বারের আইপিএল? টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ লগ্নে এসে সেই প্রশ্নই ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে। জানা গিয়েছে, আইপিএলের সূচি তৈরিই আছে। কিন্তু এখনই তা প্রকাশিত হবে না। এ বার দুই দফায় হতে পারে সূচিঘোষণা।

Advertisement

‘ক্রিকবাজ়’ জানিয়েছে, সোমবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে বসেছিল আইপিএলের গভর্নিং বডি। সেখানেই সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। কিন্তু এখনই সূচি প্রকাশিত হচ্ছে না। আগামী ৬ বা ৭ মার্চ প্রথম দফার সূচি প্রকাশিত হতে পারে।

চলতি বছর পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই তিনটি রাজ্যেই আইপিএলের ম্যাচ হয়। কলকাতা কেকেআরের ও চেন্নাই সিএসকে-র ঘরের মাঠ। পাশাপাশি অসমের গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ঘরের ম্যাচ হয়। সেই কারণেই সময় নিচ্ছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। জাতীয় নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে তারা। একবার ভোটের দিন জানিয়ে দিলেই বাকি সূচি তৈরি হয়ে যাবে। আইপিএলের ১০ দলকে তা জানিয়েও দেওয়া হয়েছে।

আগে জানা গিয়েছিল, ২৬ মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। কিন্তু শুরুর দিন একটু পিছিয়েছে। জানা গিয়েছে, ২৮ বা ২৯ মার্চ থেকে প্রতিযোগিতা শুরু। প্রথম ম্যাচে খেলতে নামবে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীতেই হবে সেই প্রতিযোগিতা। তবে প্রথম ম্যাচে বিরাট কোহলিদের মুখোমুখি কারা, তা এখনও জানা যায়নি।

গত বার আইপিএল জেতার পর বেঙ্গালুরুতে ফিরে উল্লাসে মেতেছিলেন কোহলিরা। সেই উল্লাসেই চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হওয়ায় দীর্ঘ দিন চিন্নাস্বামীতে ক্রিকেট বন্ধ ছিল। বেশ কিছু সংস্কার করা হয়েছে মাঠে। তার পরেই জানানো হয়েছে, সেখানেই উদ্বোধনী ম্যাচ খেলবে বেঙ্গালুরু। তবে সাতটি ঘরের ম্যাচের মধ্যে পাঁচটি সেই মাঠে খেলতে তারা। বাকি দু’টি ম্যাচ হবে রায়পুরে।

Advertisement
আরও পড়ুন