পাকিস্তান সুপার লিগের ট্রফি। —ফাইল চিত্র।
আবার বিতর্ক পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এ বার প্রকাশ্যে ঝগড়ায় জড়ালেন দুই ক্রিকেটার। তাঁদের এক জন অস্ট্রেলিয়ার, অন্য জন ইংল্যান্ডের। পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল করাচি কিংসের টিম ডিরেক্টর হায়দার আজহারকে।
পিএসএলে অ্যাশেজ় সিরিজ়ের উত্তাপ। রাওয়ালপিন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ ছিল করাচি কিংসের। দলের ডাগ আউটের সামনে মইন আলির উপর হঠাৎ রেগে যান ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলীয় ব্যাটার প্রচন্ড উত্তেজিত হয়ে হাত ছুড়ে চেঁচামেচি শুরু করেন। তাঁর আচরণে বিস্মিত এবং বিরক্ত দেখাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার। ওয়ার্নার-মইনের বিবাদ সঙ্গে সঙ্গে নজর কেড়ে নেয় সম্প্রচারকারী চ্যানেলের চিত্র সাংবাদিকের। টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে সতীর্থের সঙ্গে করাচি অধিনায়কের বিবাদ। মইনও ততক্ষণে বেশ রেগে গিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আন্দাজ করে ছুটে যান করাচির টিম ডিরেক্টর তথা প্রধান স্ট্র্যাটেজিস্ট হায়দার। তিনি ক্ষুব্ধ ওয়ার্নারকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দূরে গিয়েও মইনের উপর চিৎকার করে চলেছিলেন ওয়ার্নার। করাচির অন্য ক্রিকেটারেরা সে সময় ছিলেন নির্বাক। কেউই দুই সতীর্থের বিবাদ থামাতে এগিয়ে আসেননি। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।
ঠিক কী কারণে মইনের উপর ওয়ার্নার রেগে গিয়েছিলেন, তা জানা যায়নি। ক্রিকেটপ্রেমীদের একাংশের ধারণা, ম্যাচের গুরুত্বপূর্ণ সময় মইন আউট হওয়ায় মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি অধিনায়ক ওয়ার্নার। অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে তাঁর প্রত্যাশা হয়তো আরও বেশি ছিল। শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার ছিল করাচির। সেই ওভারে প্রথম বলেই আউট হয়ে যান মইন। তিনি ডাগ আউটে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন অস্ট্রেলীয় ব্যাটার। যদিও আব্বাস আফ্রিদি ছয় মেরে দলকে জিতিয়ে দেন। রাওয়ালপিন্ডিজ়ের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে নেমে ওয়ার্নার নিজে অর্ধশতরানের ইনিংস খেলেন।