IPL 2026. M Chinnaswamy stadium

চিন্নাস্বামী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কর্নাটক সরকারের, জানিয়ে দেওয়া হল, কোহলিরা বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ খেলতে পারবেন কি না

গত মরসুমে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করেছিলেন আরসিবি কর্তৃপক্ষ। অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৫৩ জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৫:১৮
picture of cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ম্যাচগুলি এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া নিয়ে যেটুকু সংশয় ছিল, তা-ও দূর হয়ে গেল। কর্নাটক সরকার সোমবার আইপিএলের ম্যাচ আয়োজনের চূড়ান্ত অনুমতি দিয়ে দিল।

Advertisement

স্টেডিয়ামের নিরাপত্তা এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল কর্নাটক সরকার। সেই কমিটি সব কিছু খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। সোমবার কমিটির সঙ্গে বৈঠকের পর কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছেন। রাজ্য সরকার চূড়ান্ত অনুমতি দিয়ে দেওয়ায় বিরাট কোহলিরা আইপিএলের হোম ম্যাচগুলি বেঙ্গালুরুতেই খেলতে পারবেন।

ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়ার পাশাপাশি কয়েকটি নির্দেশও দিয়েছে রাজ্য সরকার। ৩৫ হাজার দর্শক যাতে সুষ্ঠু ভাবে স্টেডিয়ামে ঢুকতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। খেলা শুরুর ৩ বা ৪ ঘণ্টা আগে স্টেডিয়ামের প্রবেশ পথগুলি খুলে দিতে হবে। মহিলা এবং শিশুদের প্রবেশের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। ম্যাচের দিন দায়িত্বপ্রাপ্তদের জন্য উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী, আরসিবির পাঁচটি হোম ম্যাচ হওয়ার কথা চিন্নাস্বামী স্টেডিয়ামে। তার মধ্যে রয়েছে আগামী আইপিএলের উদ্বোধনী ম্যাচও। আইপিএলের একটি প্লেঅফ ম্যাচ এবং ফাইনালও সম্ভবত বেঙ্গালুরুতে হবে। কোহলিরা দু’টি হোম ম্যাচ খেলবেন রায়পুরে।

গত মরসুমে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করেছিলেন আরসিবি কর্তৃপক্ষ। অতিরিক্ত ভিড় হওয়ার কারণে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৫৩ জন। সেই ঘটনার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। নিরাপত্তা-সহ সব ব্যবস্থা ভাল করে খতিয়ে দেখার পর আবার আইপিএলের জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হল।

Advertisement
আরও পড়ুন