IPL 2026

কেকেআরের জয়ের কৃতিত্ব দু’জনকে দিলেন রাহানে, তিন দিনের মধ্যে পুরো ফিট হয়ে যাবেন, আশা ম্যাচের সেরা বরুণের

ব্যর্থতা কাটিয়ে টানা তিন ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে ফিরে এসেছে কেকেআর। রবিবার হায়দরাবাদকে হারিয়েছে সাত উইকেটে। সাফল্যের কৃতিত্ব দু’জনকে দিয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ২১:০১
cricket

বরুণের (ডান দিকে) সঙ্গে উচ্ছ্বাস রাহানের। ছবি: পিটিআই।

ব্যর্থতা কাটিয়ে টানা তিনটি ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে ফিরে এসেছে কেকেআর। রবিবার হায়দরাবাদকে হারিয়েছে সাত উইকেটে। বোলিং বিভাগের প্রশংসা করার পাশাপাশি সাফল্যের কৃতিত্ব দু’জনকে দিয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। দু’জনের কেউই ক্রিকেটার নন। এ দিকে, ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী জানিয়েছেন, তিনি তিন দিনের মধ্যে পুরো ফিট হয়ে যাবেন।

Advertisement

ম্যাচের পর রাহানে বলেন, “বোলিং বিভাগ গত পাঁচ-ছ’টা ম্যাচে ভাল খেলছে। কৃতিত্ব দেব দু’জন বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো এবং টিম সাউদিকে। অনুশীলনে অনেক কথা বলে বোলারদের সঙ্গে। প্রচুর পরিকল্পনা করে। ভিন্ন মাঠ, ভিন্ন প্রতিপক্ষকে দেখে পরিকল্পনা সাজায়। কৌশল তৈরি করা এবং কাজে লাগানোই আসল ব্যাপার। এ দিক-ও দিক একটু রান হজম করতেই হবে। কিন্তু কৌশল স্পষ্ট থাকা দরকার।”

হায়দরাবাদ যে এত কম রান তুলবে ভাবতে পারেননি রাহানে। তাই সাত উইকেটে জয় তাঁর কাছে তৃপ্তির। বলেছেন, “বোলিংয়ের সময় দারুণ প্রত্যাবর্তন করেছি। মনে হচ্ছিল ওরা ১৯০-২০০ রান তুলবে। ব্যাটিংয়ের পক্ষে পিচ খুব ভাল ছিল। তবু ১৯০-২০০ তুললে রান তাড়া করা কঠিন হয়। স্পিনারেরা খুব ভাল বল করেছে। নিয়মিত উইকেট নিয়েছে। ছোট ছোট মুহূর্তগুলোই ম্যাচ জেতায়।”

এ দিন শুরুতে রান হজম করেছিলেন বরুণ। দুর্দান্ত ভাবে ফিরে এসে তিনটি উইকেট নিয়েছেন তিনি। তাঁকে নিয়ে রাহানের মতে, “প্রতিযোগিতার আগে এবং খেলতে নেমে সাফল্য পায়নি প্রথম দু’-একটা ম্যাচে। যে ভাবে ফিরে এসেছে তা অসাধারণ। সব সময় আত্মবিশ্বাসী ছিল। কঠোর পরিশ্রম করি। ওর মতো ক্রিকেটারেরাই কঠিন পরিস্থিতিতে দলকে সাহায্য করে।”

বরুণ পায়ে চোট পেয়েছিলেন। এখনও পুরোপুরি ব্যথা মিলিয়ে যায়নি। তবে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরতে চান। বলেছেন, “এখন অনেকটা ভাল আছি। তবে পা খুব ভাল ভাবে মাটিতে ফেলতে পারছি না। আগামী তিন দিনে ঠিক হয়ে যাব।”

Advertisement
আরও পড়ুন