IPL 2026

পাঁচ ম্যাচে চার হারের পর শাস্তি রাহানের! কী অপরাধ কেকেআর অধিনায়কের, জানিয়ে দিল আইপিএল

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স। লাগাতার হারের মাঝে এ বার শাস্তি পেলেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১০:৪৩
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

সময়টা ভাল যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স। লাগাতার হারের মাঝে এ বার শাস্তি পেলেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। জরিমানা করা হয়েছে তাঁকে।

Advertisement

আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রাহানের। এ বারের আইপিএলে এটিই তাঁর প্রথম অপরাধ। তাই আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে তাঁর। পরের বার একই ভুল করলে ২৪ লক্ষ টাকা জরিমানা হবে রাহানের।

মঙ্গলবার চেন্নাইয়ের মাঠে ৩২ রানে হারের পর রাহানে জানিয়েছেন, অন্তত এক জন ব্যাটার শেষ পর্যন্ত থাকলে হয়তো খেলার ফল অন্য রকম হত। তিনি বলেন, ‘‘আমরা বেশ ভাল বল করেছি। আবার এটাও ঠিক চেন্নাইয়ে পিচে ১৯০ রান খুবই ভাল। চেন্নাই পাওয়ার প্লে খুব ভাল কাজে লাগিয়েছে। পাওয়ার প্লে-ই ম্যাচে দু’দলের পার্থক্য তৈরি করে দিয়েছে। আমরা বোধহয় প্রথম ৬ ওভারে ৩৬ বা ৩৭ রান করতে পেরেছি। এটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আমাদের উপরের দিকের এক জন ব্যাটারের শেষ পর্যন্ত ২২ গজে থাকা উচিত ছিল। তা হলে হয়তো অন্য রকম হতে পারত।’’

প্রথম একাদশ নির্বাচন কি ঠিক হচ্ছে? পরিবর্তনের ইঙ্গিত দিয়ে কেকেআর অধিনায়ক বলেছেন, ‘‘আমরা শেষ দু’টো ম্যাচ যে দল নিয়ে খেললাম, সেটা সত্যিই ভাল। তবে আমাদের আরও ভাবতে হবে। আমরা জিততে পারছি না ঠিকই। তা-ও মাথা উঁচু রাখতে হবে আমাদের। চিবুক উঁচু রাখতে হবে। বার বার ম্যাচের ফল যদি পক্ষে না আসে, তা হলে প্রথম একাদশ নিয়ে ভাবতেই হবে। তবে আমরা ইতিবাচক ভাবেই ভাবতে চাই। সাহসী থাকতে চাই।’’ বার বার আত্মবিশ্বাস ধরে রাখার কথা বললেও রাহানেকে ম্যাচের পর সম্পূর্ণ দিশেহারা দেখিয়েছে। ম্যাচ চলাকালীনও তাঁর চেহারায় আত্মবিশ্বাসের ছাপ খুঁজে পাওয়া যায়নি।

দলের পারফরম্যান্সে হতাশ হলেও রাহানে প্রশংসা করলেন কার্তিক ত্যাগীর। কেকেআর অধিনায়ক বলেছেন, ‘‘কার্তিক সত্যিই খুব ভাল বল করেছে। সম্পূর্ণ ওর কৃতিত্ব। প্রতি ম্যাচে উন্নতি করছে। বলের গতিও দুর্দান্ত। ওর বলে ছয় মারা কোনও ব্যাটারের পক্ষেই সহজ নয়। স্পিনারেরও ভাল বল করেছে। এর পরও আমাদের ইতিবাচক থাকতে হবে। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।’’

প্রশ্ন তৈরি হয়েছে রাহানের নেতৃত্ব নিয়েও। স্পিনারেরা ভাল বল করেছেন, নিজেই স্বীকার করছেন। অথচ অনুকূল রায় এবং বরুণ চক্রবর্তীকে দিয়ে পুরো ৪ ওভার করে বল করাননি তিনি। প্রতি ম্যাচে জঘন্য পারফরম্যান্স করে যাওয়া বৈভব অরোরার উপর আস্থা রেখে চেন্নাইয়ের রান অযথা বাড়িয়ে দিয়েছেন। প্রতি ম্যাচে রাহানের উপর চাপ বাড়ছে। তার মাঝেই এ বার শাস্তি পেলেন কেকেআর অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন