IPL 2026

‘জোর বাঁচা বেঁচে গেলাম!’ পাওয়ার প্লে-তে ব্যাটিংই হচ্ছে না, ইডেনে রাজস্থানকে হারিয়েও স্বীকার করলেন কেকেআর অধিনায়ক রাহানে

চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের পর ভাগ্যকে কৃতিত্ব দিচ্ছেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২০:৪৫
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

ভাগ্যের জোরে জিতেছেন, মনে নিচ্ছেন অজিঙ্ক রাহানে। চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে তারা। এই জয়ের পর রাহানের মনে হচ্ছে, জোর বাঁচা বেঁচে গিয়েছেন তাঁরা। দলের ব্যাটিং যে ঠিকঠাক হচ্ছে না তা স্বীকার করে নিয়েছেন কেকেআর অধিনায়ক।

Advertisement

খেলা শেষে রাহানে বলেন, “কখনও কখনও আমার মনে হয়, ব্যাট করতে নেমেই চার-ছক্কা মারার দরকার নেই। শুরুতে সিঙ্গল-ডাবলেও কাজ হয়। খেলা শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়। গত কয়েকটা ম্যাচে আমরা সেই ভুলটাই করেছি। কিন্তু এই ম্যাচে সেটা হয়নি। জোর বাঁচা বেঁচে গেলাম। রিঙ্কু ও অনুকূলের জুটি আমাদের জিতিয়ে দিল।”

চলতি আইপিএলে প্রতিটি ম্যাচের শেষেই কথা বলতে আসতে হচ্ছিল রাহানেকে। যে দল হারে সেই দলের অধিনায়ককে খেলা শেষে সঙ্গে সঙ্গে কথা বলতে হয়। কিন্তু জয়ী দলের অধিনায়ক পরে পুরস্কার বিতরণের সময় কথা বলেন। এই প্রথম সেই ভূমিকায় দেখা গিয়েছে রাহানেকে। তিনি বলেন, “প্রথম বার পাঁচ মিনিট পর কথা বলতে পারছি। ম্যাচের মধ্যে চড়াই-উতরাই ছিল। কিন্তু রিঙ্কু, অনুকূল ও বরুণের জন্য আমি খুব খুশি।”

রাজস্থানকে হারানোর নেপথ্যে রয়েছেন এই তিন ক্রিকেটার। বল হাতে বরুণ এবং ব্যাট হাতে রিঙ্কু ও অনুকূল দলকে জিতিয়েছেন। তিন জন ফর্মে ফেরায় খুশি রাহানে। কেকেআর অধিনায়ক বলেন, “বরুণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। গত তিনটে ম্যাচে ভাল বল করেছে। রিঙ্কু মানসিক ভাবে খুব কঠিন পরিস্থিতিতে ছিল। সেখান থেকে এই ম্যাচ ও শেষ করেছে। অনুকূল ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেছে। এই ম্যাচে প্রতিপক্ষ দলে ডানহাতি-বাঁহাতি ব্যাটার থাকায় ওকে বল দিতে পারিনি। কিন্তু ব্যাট হাতে ও নিজের কাজটা করেছে।”

কঠিন সময়েও অনুশীলনে দলের সকলকে ফুরফুরে রাখার চেষ্টা করেন রাহানে। তিনি জানিয়েছেন, প্রত্যেকের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন। রাহানে বলেন, “অনেক সময় আপনি বেশি ভাবার চেষ্টা করেন। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে। কিন্তু আমরা সেটা করার চেষ্টা করিনি। বিষয়টা সহজ রাখতে চেয়েছি। তবে হ্যাঁ, এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে।”

বিশেষ করে পাওয়ার প্লে-তে যে ব্যাটিং হচ্ছে না, তা স্বীকার করে নিয়েছেন রাহানে। তিনি বলেন, “গত তিনটে ম্যাচে পাওয়ার প্লে খুব খারাপ খেলেছি। পাওয়ার প্লে-তে ব্যাটিং হচ্ছে না। ওখানেই আমাদের বুদ্ধি করে খেলতে হবে। উইকেট রেখে খেলতে হবে। আবার রানও করতে হবে। আশা করি, এই ম্যাচের পর ব্যাটারদের আত্মবিশ্বাস ফিরবে। একটা জয় আমাদের দরকার ছিল। সেটা এই ম্যাচে পেয়েছি।”

নজর কেড়েছেন কার্তিক ত্যাগী। এক ওভারে তিন উইকেট নিয়েছেন তিনি। কার্তিকের প্রশংসা শোনা গিয়েছে রাহানের গলায়। তিনি বলেন, “কার্তিক অনুশীলনে নজর কেড়েছে। ও গতিতে বল করে। বুদ্ধি করে বল করে। মাঝের ওভার ও ডেথ ওভারে বল করা কঠিন। কার্তিক দেখিয়েছে, ও পারে। তাই ওকে ধারাবাহিক ভাবে সুযোগ দেওয়া হচ্ছে। এই ম্যাচের সাফল্য ওর আত্মবিশ্বাস আরও বাড়াবে।”

Advertisement
আরও পড়ুন