কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ফাইল চিত্র।
প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ইডেনে ফিরে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে করলেন ১০ বলে মাত্র ৮ রান। সাংবাদিক বৈঠকে তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়, পাওয়ারপ্লেতে এত মন্থর ব্যাটিংয়ের কারণ কী? প্রশ্ন শুনেই ফুঁসেওঠেন রাহানে।
প্রশ্নকর্তার দিকে ভ্রু কুঁচকে বলতে শুরু করেন, ‘‘আমার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে? ২০২৩ থেকে আমার স্ট্রাইক রেট অন্যতম সেরা। এর পরেও যাঁরা আমার ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলে, তারা হয়তো খেলা দেখেই না অথবা আমাকে পছন্দ করে না।’’ যোগ করেন, ‘‘অনেকে চায় না আমি ক্রিকেট খেলি। আমার সাফল্যকে অনেকেই ঈর্ষা করে। ওরা চায় না আমি ভাল কিছু করি।’’ রাগত মেজাজেই উত্তর দিচ্ছিলেন রাহানে। তিনি আরও বলেন, ‘‘একটা খারাপ দিন যেতেই পারে। আমার লক্ষ্য ছিল দ্রুত রান করা। পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি।’’ ফের মেজাজ হারিয়ে তাঁর সংযোজন, ‘‘অনেকেই চায় আমার অন্য ধরনের ইনিংস দেখতে। ওরা ভাবতে পারে না অজিঙ্ক রাহানে এই বয়সেও অনেককে ভুল প্রমাণিত করে চলেছে। তবে আমার ভাল লাগছে যে এখনও আমাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। ইতিবাচক অথবা নেতিবাচক, যাই হোক। আমি যে এখনও আলোচনার মধ্যে আসছি এটাই অনেক।’’
কেকেআরের বোলিং বিভাগের সব চেয়ে বড় শক্তি দুই রহস্য স্পিনার। সুনীল নারাইন ও সি ভি বরুণ। নারাইনকে দিয়ে চার ওভার করালেও বরুণকে দু’ওভারের বেশি করানো হয়নি। কেন বিশ্বের অন্যতম সেরা বোলারকে মাত্র দু’ওভার বল করানো হল? নাইট অধিনায়কের উত্তর, ‘‘বরুণের ক্রিকেটজীবনে এত খারাপ সময় আগে আসেনি। নিঃসন্দেহে ও বিশ্বের সেরা। আমিও চেয়েছিলাম ও চার ওভার করুক। কিন্তু বরুণ ব্যর্থতার সঙ্গে লড়াই করছে। এই পরিস্থিতিতে ওর উপরে আরও চাপ দিই কী করে? অনুকূল খারাপ বল করছিল না। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল বল করেছে। ওকে তাই দু’টো ওভার দিয়েছি। আমরা সব সময়ই ক্রিকেটারদের পাশে দাঁড়াতে চাই। ওদের থেকে সেরাটা বার করে আনতে হবে।’’
ইডেনের পিচ নিয়ে গত বার অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ বারে কী বলছেন? রাহানের উত্তর, ‘‘পিচ ভালই ছিল। সানরাইজ়ার্স অনেক ভাল খেলেছে। মাঝের ওভারে আমাদের আরও ভাল ব্যাট করা উচিত ছিল। কয়েকটি উইকেট হারিয়েই হাত থেকে বেরিয়েগিয়েছে ম্যাচ।’’
নাইট অধিনায়ক যদিও হাল ছাড়তে নারাজ। বলছিলেন, ‘‘প্রতিযোগিতা অনেক বড়। অনেক ম্যাচ বাকি। এখনই ভেঙে পড়ার কারণ নেই। পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কেকেআর।’’