IPL 2026

আইপিএল শুরুর ১২ দিন আগে হঠাৎ স্বস্তিতে শাহরুখের কেকেআর, চোট পাওয়া এক ক্রিকেটারের খেলার আশা বাড়ল

আইপিএলের অন্যতম সেরা বোলিং আক্রমণ তৈরি করেও অস্বস্তিতে কেকেআর। দলের প্রধান তিন জোরে বোলারকেই না পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিকল্প খুঁজতে ব্যস্ত কর্তৃপক্ষ। এর মধ্যেই এক জনকে নিয়ে বাড়ল আশা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২০:২৮
picture of cricket

শাহরুখ খান। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে অন্যতম সেরা জোরে বোলিং আক্রমণ তৈরি করেছিলেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাদের দলে নেওয়া হয়েছিল। সঙ্গে হর্ষিত রানা, উমরান মালিকের মতো ভারতীয় বোলারেরা ছিলেন। কিন্তু আইপিএল শুরুর আগে এই জোরে বোলিং নিয়েই চাপে শাহরুখ খানের কেকেআর। তার মধ্যেই আশার আলো শ্রীলঙ্কার জোরে বোলার।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আগেই ছেড়ে দিতে হয়েছে মুস্তাফিজুরকে। তাঁর পরিবর্ত হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দেখে দলে নেওয়া হয়েছে জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে চোট পান হর্ষিত। অস্ত্রোপচারের পর ভারতীয় দলের জোরে বোলার এখনও খেলার মতো জায়গায় আসেননি। আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নেই। হর্ষিতের পরিবর্ত বোলারের খোঁজে রয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে চোট পান পাথিরানাও। দেশের হয়ে সব ম্যাচ খেলতে পারেননি। যা কেকেআর কর্তৃপক্ষের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

প্রতিযোগিতার অন্যতম সেরা বোলিং আক্রমণ তৈরি করেও কেকেআর কর্তৃপক্ষের রাতের ঘুম ছোটার পরিস্থিতি হয়েছিল। তার মধ্যে হঠাৎই আশার আলো হয়ে উঠেছেন পাথিরানা। সোমবার পাথিরানার এজেন্ট আমিলা কালুগালগে তাঁর একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। যে ছবিতে পাথিরানাকে কেকেআরের জার্সি পরে উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে। এই ছবির সঙ্গে লড়াইরত ফেন্সারের ইমোজি দিয়েছেন কালুগালগে। প্রতিযোগিতা শুরুর ১২ দিন আগে যা ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কালুগালগে সম্ভবত বোঝাতে চেয়েছেন, পাথিরানা মাঠে নামার জন্য প্রস্তুত। কেকেআরের হয়ে আইপিএলে লড়াই করার জন্য মুখিয়ে রয়েছেন শ্রীলঙ্কার জোরে বোলার। সত্যিই তেমন হলে, অভিষেক নায়ারদের চিন্তা কিছুটা কমতে পারে। উল্লেখ্য, আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল।

Advertisement
আরও পড়ুন