ICC Player of the Month

বিশ্বজয়ী ভারতের কারও জায়গা হল না পুরস্কারের তালিকায়! ফেব্রুয়ারি মাসে সেরা ক্রিকেটারের দৌড়ে কারা, জানিয়ে দিল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন সঞ্জু স্যামসন। ঈশান কিশন, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্যেরা ভাল পারফর্ম করেছেন। তা-ও আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা হল না কারও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:২৭
picture of cricket

(বাঁ দিকে) ঈশান কিশন এবং সঞ্জু স্যামসন (ডান দিকে)। —ফাইল চিত্র।

টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অথচ বিশ্বজয়ী ভারতীয় দলের কোনও সদস্যকে পুরস্কারের জন্য বিবেচনা করেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই সূর্যকুমার যাদবের দলের কোনও সদস্যের।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন সঞ্জু স্যামসন। ঈশান কিশন, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্যেরা ভাল পারফর্ম করেছেন। ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান, ইংল্যান্ডের উইল জ্যাকস এবং আমেরিকার শ্যাডলে ফান শকউইক।

পাকিস্তানের ওপেনার ফারহান এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন। ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেছেন। বিশ্বকাপে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬০.২৫। দু’টি শতরানও করেছেন বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি তারা সুপার এইট পর্বের শেষ ম্যাচ খেলে। ফলে ফারহানের ৩৮৩ রানই এসেছে ফেব্রুয়ারি মাসে।

ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জ্যাকস। ১৭৩.২১ স্ট্রাইক রেটে ১৯৪ রান করার পাশাপাশি ১১টি উইকেট নেন। চারটি ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার পান ইংরেজ অলরাউন্ডার। তাঁর এই পারফরম্যান্সও মূলত ফেব্রুয়ারি মাসে। অন্য দিকে, আমেরিকার জোরে বোলার শকউইক টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই নজর কাড়েন। ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে ৪টি করে উইকেট নেন। গ্রুপের চারটি ম্যাচে ১৩টি উইকেট নেন। ওভার প্রতি খরচ করেন ৭.৭৬ রান।

ফেব্রুয়ারির সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য শুধু সেই মাসের পারফরম্যান্সই বিচার করেছেন আইসিসির নির্বাচকেরা। ঠিক এই জায়গাতেই প্রথম তিনের মধ্যে আসতে পারেননি ভারতীয় দলের কোনও সদস্য। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল-সহ শেষ তিনটি ম্যাচ ভারতীয় দল খেলেছে মার্চ মাসে।

Advertisement
আরও পড়ুন