IPL 2026

প্রকাশ্যে কেকেআরের নতুন জার্সি, রয়েছে অসংখ্য সরু রেখা, একসঙ্গে জুড়লে ফুটে উঠবে তিন অক্ষরের একটি লেখা

কেকেআরের এ বারের জার্সির ভাবনা ‘লাইন্স অফ লেগাসি’। জার্সিতে রয়েছে অসংখ্য সরু রেখা। রেখাগুলিকে একসঙ্গে দেখলে ফুটে উঠবে ‘কেকেআর’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৪:১১
picture of cricket

কেকেআরের নতুন জার্সি। ছবি: এক্স।

প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি। পরিচিত গাঢ় বেগনি রঙের সঙ্গে কাঁধের কাছে এবং দু’পাশে রয়েছে চকচকে সোনালি। জার্সির নকশায় তুলে ধরা হয়েছে শাহরুখ খানের দলের ঐতিহ্য এবং একাত্মবোধকে।

Advertisement

অধিনায়ক অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, বরুণ চক্রবর্তীদের নতুন জার্সি পরা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন কেকেআর কর্তৃপক্ষ। আগের চেয়ে আকর্ষণীয় জার্সিটির ভাবনা ‘লাইন্স অফ লেগাসি’। জার্সির মধ্যে রয়েছে অসংখ্য সরু রেখা। রয়েছে তিন বার ট্রফিজয়ের চিহ্ন হিসাবে তিনটি তারাও।

কেকেআর কর্তৃপক্ষের দাবি, ২০২৬ সালের জার্সিতে তুলে ধরা হয়েছে দলের ঐতিহাসিক মুহূর্তগুলিকে। আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের ইনিংস থেকে রিঙ্কু সিংহের এক ওভারের পাঁচ বলে পাঁচ ছক্কার মতো স্মরণীয় ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আবার রেখাগুলিকে একসঙ্গে দেখলে ফুটে উঠবে ‘কেকেআর’।

দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘লাইন্স অফ লেগাসি কেকেআরের দীর্ঘ যাত্রাপথ এবং সাফল্যকে তুলে ধরছে। জার্সির প্রতিটি রেখা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির প্রতিনিধি। এই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন মরসুমকেও আমরা সমর্থকদের জন্য স্মরণীয় করে তুলতে চাই।’’

Advertisement
আরও পড়ুন