IPL 2026

ম্যাচের মাঝে আবার ডাগ আউটে মোবাইলের ব্যবহার! রাজস্থানের পর এ বার সমস্যায় পড়তে পারে লখনউ

ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে ম্যাচের মাঝে ডাগ আউটে কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। কিন্তু আইপিএলে বার বার সেই নির্দেশ ভাঙা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ২২:৩৬
cricket

লখনউয়ের ডাগ আউটে মোবাইলে কথা বলছেন এক ব্যক্তি (একেবারে বাঁ দিকে)। ছবি: এক্স।

রাজস্থান রয়্যালসের পর এ বার লখনউ সুপার জায়ান্টস। বোর্ডের নিয়ম ভাঙল আইপিএলের আরও এক দল। ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে ম্যাচের মাঝে ডাগ আউটে কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। কিন্তু আইপিএলে বার বার সেই নির্দেশ ভাঙা হচ্ছে। নিয়ম ভেঙে সমস্যায় পড়তে পারে লখনউ।

Advertisement

রবিবার চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে দেখা গিয়েছে এই ছবি। লখনউয়ের ইনিংস চলাকালীন তাদের ডাগ আউটে এক জনকে ফোনে কথা বলতে দেখা যায়। তাঁর পরনে লখনউয়ের জার্সি ছিল। তিনি লখনউ দলে কোনও পদে রয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। কিন্তু এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বোর্ডকে পদক্ষেপের অনুরোধ করেছেন।

কয়েক দিন আগে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দারকে ডাগ আউটে বসে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছিল। দলের ম্যানেজারেরা সাজঘরে মোবাইল ব্যবহার করতে পারেন। কিন্তু ডাগ আউটে মোবাইল ব্যবহার করা যায় না। সেই ঘটনার পর রোমিকে শো-কজ় করা হয়। পরে তাঁকে জরিমানাও করা হয়। সেই ঘটনা আরও এক বার দেখা গেল আইপিএলে। এখন দেখার, এই বিষয়ে বোর্ড কোনও পদক্ষেপ করে কি না।

এর মাঝেই আইপিএলের সব দলের জন্য আট পাতার একটি নির্দেশিকা জারি করেছে বোর্ড। বেশ কিছু দল এবং ক্রিকেটারের তরফে এ বার বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বাইরের লোককে সাজঘরে ঢুকতে দেখা যাচ্ছে। দলের খবর বাইরে বার হচ্ছে। এতে ক্রিকেটারদের সুরক্ষা ও খেলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই কারণেই প্রতিযোগিতার মাঝপথে নতুন করে কড়া হয়েছে উদ্বিগ্ন বিসিসিআই।

বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া দশটি ফ্র্যাঞ্চাইজিকে পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন লিখিত ভাবে। ওই নির্দেশিকায় প্রধান যে বিষয়গুলি বলা হয়েছে—

· টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া হোটেলে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেদের ঘরে কোনও বাইরের ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।

· অতিথিদের সঙ্গে শুধুমাত্র হোটেলের লবি বা রিসেপশনে দেখা করা যাবে।

· হানি ট্র্যাপিং এবং যৌন হেনস্থার মতো আইনি জটিলতা এড়াতে এই সতর্কতা অবলম্বন করা হয়েছে।

· হোটেল থেকে বের হওয়ার আগে ক্রিকেটার এবং কর্মীদের অবশ্যই সিকিউরিটি লিয়াজোঁ অফিসার বা টিম ইন্টিগ্রিটি অফিসারকে জানাতে হবে।

· ব্যক্তিগত বা বিনোদনের কারণে বাইরে গেলেও টিম ম্যানেজারকে আগে থেকে অবহিত করা বাধ্যতামূলক।

· ম্যাচ চলাকালীন ডাগআউট, সাজঘর বা মাঠে দল মালিকেরা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না।

· পিএমওএ (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস অ্যাকসেস) প্রোটোকল লঙ্ঘন করাকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হবে।

· রিয়ান পরাগ এবং যুজবেন্দ্র চাহালের ভ্যাপিং সংক্রান্ত বিতর্কের পর বিসিসিআই স্পষ্ট করেছে যে, মাঠ, সাজঘর, ডাগআউট এবং টিম হোটেলে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ।

· ভারতে ই-সিগারেট আইনত নিষিদ্ধ, তাই এটি করলে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হতে পারে।

বিসিসিআই নির্দেশ দিয়েছে যে, এই নির্দেশিকা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি দলকে একটি বাধ্যতামূলক ব্রিফিং করতে হবে এবং সমস্ত ক্রিকেটার ও কর্মীদের কাছ থেকে নিয়ম মানার লিখিত প্রতিশ্রুতি নিতে হবে।

যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তবে বিসিসিআই নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে:

· সংশ্লিষ্ট ব্যক্তি বা ফ্র্যাঞ্চাইজিকে শোকজ নোটিশ পাঠানো।

· বিশাল অঙ্কের আর্থিক জরিমানা।

· চলতি বা পরবর্তী প্রতিযোগিতা থেকে বরখাস্ত বা বহিষ্কার।

· গুরুতর ক্ষেত্রে আইনি পদক্ষেপ।

Advertisement
আরও পড়ুন