IPL 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট নিয়ে খেলেছিলেন, তাই আইপিএলে ফর্মে নেই বুমরাহ? জোরে বোলারকে নিয়ে উত্তর দিল মুম্বই

চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই জসপ্রীত বুমরাহ। ১৩টি ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন তিনি। মুম্বইয়ের কোচ জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট নিয়ে খেলেছিলেন বুমরাহ। তাই আইপিএলে ছন্দ পেতে সময় লেগেছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২২:২৫
cricket

জসপ্রীত বুমরাহ। ছবি: সমাজমাধ্যম।

চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই জসপ্রীত বুমরাহ। ১৩টি ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন তিনি। মুম্বইয়ের ছিটকে যাওয়ার নেপথ্যে অন্যতম কারণ তাঁর অফ ফর্ম। গ্রুপের শেষ ম্যাচের আগে মুম্বইয়ের কোচ জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট নিয়ে খেলেছিলেন বুমরাহ। সে কারণেই আইপিএলে ছন্দ পেতে সময় লেগেছে তাঁর।

Advertisement

রবিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবে মুম্বই। তার আগের দিন বুমরাহকে নিয়ে মাহেলা জয়বর্ধনে বলেছেন, “ওর অফ ফর্মের নেপথ্যে কিছু কারণ রয়েছে। বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত ওর একটা হালকা চোট ছিল। সেটা নিয়েই দলে যোগ দিয়েছিল। তাই জন্যই শুরুর দিকে ওকে যথেষ্ট বিশ্রাম দিয়েছিলাম। প্রথম চার-পাঁচটা ম্যাচ কেটে গিয়েছে পুরো সুস্থ হতেই। আপনারা খেয়াল করে দেখবেন, ওর বলের গতি কমে গিয়েছিল।”

জয়বর্ধনের সংযোজন, “এখন বুমরাহ আবার আগের গতিতে বল করছে। গত চার-পাঁচটা ম্যাচে খুব ভাল বল করেছে। কিন্তু এ রকম কঠিন পরিস্থিতি কাটানোর পর ফিরে আসাটা সহজ হয় না। পরিকল্পনা কাজে লাগানোয় সমস্যা হয়। কারণ খেলার পাশাপাশি আপনার নজর থাকে অন্য দিকেও।”

উইকেট না পেলেও বুমরাহের ইকনমি রেট বেশ ভাল। ওভারপ্রতি মাত্র ৮.৩৬ রান দিয়েছেন। ফর্মে না থাকলেও বুমরাহকে নিয়ে কেউ ঝুঁকি নেয়নি বলে জানিয়েছেন জয়বর্ধনে। বলেছেন, “শারীরিক ভাবে ও ১০০ শতাংশ ফিট। দুর্ভাগ্যবশত মরসুম শেষ হয়ে গিয়েছে আমাদের। তা ছাড়া, দলগুলোও বুমরাহের বিরুদ্ধে খুব বেশি ঝুঁকি নেয়নি।”

Advertisement
আরও পড়ুন