WPL 2025

মহিলাদের আইপিএলে প্রথম জয় হরমনপ্রীতদের, গুজরাতকে ৫ উইকেটে হারাল মুম্বই

প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন হরমনপ্রীত কৌরেরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের নায়ক ন্যাট শিভার ব্রান্ট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০১
Picture of WPL 2025

(বাঁ দিকে) মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌরের অভিনন্দন জয়ের নায়ক ন্যাট শিভার ব্রান্টকে (ডান দিকে)। ছবি: ডব্লিউপিএল।

মহিলাদের প্রিমিয়ার লিগে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার গুজরাত জায়ান্টসকে ৫ উইকেটে হারালেন হরমনপ্রীত কৌরেরা। প্রথমে ব্যাট করে অ্যাশলে গার্ডনারের দল করে ১২০ রান। জবাবে ১৬.১ ওভারে ৫ উইকেটে ১২২ রান মুম্বইয়ের। প্রতিযোগিতার প্রথম জয় পেল মুম্বই।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। বরোদার ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না গুজরাতের ব্যাটারেরা। ঘরের মাঠে বিপর্যয়ের মুখে পড়ে তাঁদের ইনিংস। ৪৩ রানেই ৫ উইকেট পড়ে যায় গুজরাতের। পর পর আউট হয়ে যান বেথ মুনি (১), লরা উলভার্ডট (৪), দয়ালান হেমলতা (৯), গার্ডনার (১০) এবং ডিয়েন্দ্রা ডটিন (৭)। এর পর ইনিংসের হাল ধরেন হরলিন দেওল এবং কাশভী গৌতম। হরলিন করেন ৩১ বলে ৩২ রান। ৪টি চার মারেন তিনি। গৌতম করেন ১৫ বলে ২০। ২টি চার এবং ১টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। শেষ দিকে কিছুটা চেষ্টা করেন তনুজা কানওয়ার (১৩) এবং সায়লি সাতরে (অপরাজিত ১৩)। ইনিংসের শেষ বলে দশম উইকেট পড়ে গুজরাতের।

মুম্বইয়ের হয়ে ভাল বল করলেন হেইলি ম্যাথিউজ। ১৬ রানে ৩ উইকেট নিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার। ২২ রানে ২ উইকেট অ্যামিলিয়া কেরের। ২৬ রানে ২ উইকেট ন্যাট শিভার ব্রান্টের। ১টি করে উইকেট পেয়েছেন শবনিম ইসমাইল এবং আমনজ্যোৎ কৌর।

জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন সমস্যায় পড়তে হয়নি মুম্বইকে ইনিংসে। যদিও দুই ওপেনার ম্যাথিউজ (১৭) এবং যষ্ঠিকা ভাটিয়া (৮) দ্রুত আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপ তৈরি হয়। ব্যর্থ হলেন অধিনায়ক হরমনপ্রীতও (৪) তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্রান্ট অবশ্য সাবলীল ব্যাটিং করলেন। মূলত তাঁর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসই মুম্বইকে পরিস্থিতি সামলাতে সাহায্য করে। ১১টি চার মারেন ব্রান্ট। এ ছাড়া কের ২০ বলে ১৯ রান করেন। শেষ পর্যন্ত ২২ গজে থেকে দলকে জয় এনে দেন সজীবন সজনা (অপরাজিত ১০) এবং জি কমলিনী (অপরাজিত ৪)।

গুজরাতের সফলতম বোলার গৌতম ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। প্রিয়া মিশ্র ২ উইকেট নিয়েছেন ৪০ রান খরচ করে। এ ছাড়া কানওয়ারের ২৫ রানে ১ উইকেট।

Advertisement
আরও পড়ুন