বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলা বৈভব সূর্যবংশীর পাশে মাইকেল ভন। ১৫ বছরের ব্যাটারকে ইংল্যান্ড সফরের দলে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করলেন তিনি। অন্য দিকে, বৈভবকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন রবিচন্দ্রন অশ্বিন।
গত ২৭ মার্চ ১৫ বছর পূর্ণ করেছে বৈভব। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী বিহারের ব্যাটার সিনিয়র জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এই সুযোগ বিসিসিআইয়ের কাজে লাগানো উচিত বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। চেন্নাইের বিরুদ্ধে বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ ভন বলেছেন, ‘‘ভারতের সিনিয়র দলের হয়ে করে অভিষেক হবে বৈভবের? হয়তো আমরা একটু তাড়াহুড়ো করছি। এ বারের আইপিএলে সবে একটা ম্যাচ খেলেছে বৈভব। আইপিএল শেষ হওয়ার কিছু দিন পর ইংল্যান্ডে সাদা বলের সিরিজ় খেলতে যাবে ভারতীয় দল। আমি বিসিসিআইয়ে থাকলে বৈভবকে ওই সফরের ভারতীয় দলে রাখতাম। বলছি না, এখনই বৈভবকে প্রথম একাদশে সুযোগ দিতে হবে। তবে এখন থেকে ভারতীয় সাজঘরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেলে বৈভবের লাভ হবে। দলের সঙ্গে সহজে মিশতে পারবে।’’
একটি ক্রিকেট ওয়েবসাইটকে ভন আরও বলেছেন, ‘‘বৈভবকে দলে রাখা উচিত। দু’একটা ম্যাচ খেলার সুযোগ পেলে তো দারুণ হবে। না পেলেও ক্ষতি নেই। ওর বয়স ১৫ বছর হয়ে গিয়েছে। দলে থাকতেই পারে। ভারতীয় দল নিয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। তা ছাড়া বৈভব খুবই ভাল ব্যাটার। প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য। দেখা যাক বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়।’’
ভনের প্রস্তাবে সায় নেই অশ্বিনের। তিনি বৈভবকে নিয়ে এত তাড়াহুড়ো করার পক্ষে নন। ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘বৈভবকে এখনই কোনও লক্ষ্য দেওয়া ঠিক হবে না। এই বয়সে ওকে চাপে ফেলা ঠিক নয়। একটা কথা মনে রাখতে হবে, বৈভব এখন বড় হয়নি। যথেষ্ট বাচ্চা। মহেন্দ্র সিংহ ধোনি ৪৪ বছর বয়সেও খেলছে। বৈভব যদি ৪০ বছর বয়স পর্যন্তও খেলে, তা হলেও ওর সামনে আড়াই দশক সময় রয়েছে। এখন ওকে একা থাকতে দেওয়া উচিত। খোলা মনে খেলতে দেওয়া হোক। সময় হলে বৈভব ঠিকই নিজের জায়গা করে নেবে।’’ অশ্বিন আরও বলেছেন, ‘‘বৈভব খুবই ভাল ব্যাটার। তবে ভারতের সিনিয়র দলের হয়ে খেলার মতো তৈরি নয় এখনও। নিজের মতো খেলুক। অনেক সুযোগ রয়েছে। আমাদের কিছু দিন অপেক্ষা করা উচিত। এত তাড়াহুড়ো করার কী রয়েছে?’’
চেন্নাইয়ের বিরুদ্ধে বৈভবের ইনিংসের প্রশংসা করতে ভোলেননি অশ্বিন। তিনি বলেছেন, ‘‘বৈভবের সবে ১৫ বছর হল। ১৫ বলে ৫০ রান করে ফেলছে। এই বয়সে এমন ইনিংস ভাবাই যায় না। এর থেকেই বোঝা যায় ও কোন মানের ব্যাটার। ওর ব্যাট স্পিড কত? চেন্নাইয়ের বোলারেরা বৈভবকে থামানোর মতো কিছু করতেই পারেনি। ও ব্যাট করার সময় চেন্নাইকে মাঠে অত্যন্ত সাধারণ, দিশেহারা দল মনে হচ্ছিল। রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচেই দেখিয়ে দিল, ওরা ঠিক কতটা শক্তিশালী।’’ উল্লেখ্য, চেন্নাই এবং রাজস্থান— দু’দলের হয়েই আইপিএল খেলেছেন অশ্বিন।