The Hundred League

ভারতীয় মালিকদের হুঁশিয়ারি ইংল্যান্ডের মইন আলির! ‘দ্য হান্ড্রেড’ লিগে পাক ক্রিকেটারদের না নিলে বিক্ষোভের হুমকি

ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট প্রতিযোগিতায় পাকিস্তানের ক্রিকেটারদের নিতে রাজি নন দলের মালিকেরা। এই ঘটনা প্রকাশ্যে আসায় বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩
cricket

মইন আলি। —ফাইল চিত্র।

বিদেশের লিগেও শুরু হয়েছে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট প্রতিযোগিতায় পাকিস্তানের ক্রিকেটারদের নিতে রাজি নন দলের মালিকেরা। এই ঘটনা প্রকাশ্যে আসায় বিতর্ক তৈরি হয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটারদের না নিলে বিক্ষোভ শুরু হবে।

Advertisement

মইন নিজেও পাক বংশোদ্ভূত। কিন্তু তিনি ইংল্যান্ডের হয়েই চিরকাল ক্রিকেট খেলেছেন। সেই মইন এ বার মুখ খুলেছেন পাক ক্রিকেটারদের হয়ে। এই মুহূর্তে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতার চারটি দল ম্যাঞ্চেস্টার (আরপিএসজি), লন্ডন (রিলায়্যান্স), সাদার্ন ব্রেভ (জিএমআর) এবং লিডসের (সান গ্রুপ) মালিকানা রয়েছে ভারতীয় সংস্থার হাতে। তারা আইপিএল দলেরও মালিক। শোনা যাচ্ছে, কেউই নিজেদের দলে পাকিস্তানের ক্রিকেটার নিতে আগ্রহী নয়।

সংবাদমাধ্যমে মইন বলেন, “আশা করি, এই দেশে এই ধরনের ঘটনা ঘটবে না। ঘটাও উচিত নয়। তবে আমাদের অপেক্ষা করতে হবে। যদি হয় তা হলে তা লজ্জার। আমি নিশ্চিত, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টার দিকে নজর রেখেছে।”

মইন আরও জানিয়েছেন, যদি সত্যিই পাকিস্তানি ক্রিকেটারদের না-নেওয়া হয় তা হলে বিক্ষোভ হবে। তিনি বলেন, “যদি এ রকম হয় তা হলে কিছু ক্রিকেটার মুখ খুলবেন। বিক্ষোভ হবে। আমার মতে, সেটা হওয়া উচিত। আমার মতে, পাকিস্তানি বংশোদ্ভূত হোন বা না হোন, সকলের এগিয়ে আসা উচিত। তবে আমরা জানি না, কী হতে চলেছে। এই ধরনের ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণও থাকে না। কিন্তু এ দেশে এ রকম হলে তা খারাপ হবে।”

পাকিস্তানের পুরুষ এবং মহিলা মিলিয়ে ‘দ্য হান্ড্রেড’-এ খেলার জন্য আবেদন করেছেন ৬৭ জন ক্রিকেটার। অতীতে মহম্মদ আমির, শাহিন আফ্রিদি, শাদাব খান এবং হ্যারিস রউফের মতো ক্রিকেটার ওই লিগে খেলেছেন।

২০০৮-এর মুম্বই হামলার পর থেকে আইপিএলে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হয় না। ২০২৩-এ শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার এসএটি২০ লিগে বেশ কয়েকটি দলের মালিক ভারতীয় সংস্থা। সেখানেও খেলেন না কোনও পাকিস্তানি ক্রিকেটার। একই ভাবে আমিরশাহির আইএলটি২০ লিগেও মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির মালিকেরা কোনও পাকিস্তানি ক্রিকেটারকে সই করাননি। ফলে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় সেই দৃশ্য দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

তবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক চেয়েছেন, পাকিস্তানের ক্রিকেটারেরা ‘দ্য হান্ড্রেড’-এ খেলুন। তিনি কিছু দিন আগে বলেছিলেন, “ওদের দেশে অসাধারণ ক্রিকেটার রয়েছে। ওদের খেলা দেখতে অনেকে আসে। তাই পাকিস্তানের ক্রিকেটারদের দেখতে না পেলে সেটা লজ্জার। ওরা খেললে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা অনেক ভাল হয়।” এ বার মুখ খুললেন মইনও।

Advertisement
আরও পড়ুন