ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন হর্ষিত, পরিস্থিতি সামলাতে ‘ব্রাত্য’ সিরাজ় দলে

দেড় বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন মহম্মদ সিরাজ। শেষ মুহূর্তে ঢুকে পড়লেন বিশ্বকাপের দলে। লাল বলের ক্রিকেটে নিয়মিত হলেও সাদা বলের ক্রিকেটে তিনি ছিলেন ‘ব্রাত্য’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৫
picture of cricket

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

আশঙ্কাই সত্যি হল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। তাঁর পরিবর্ত হিসাবে দলে এসেছেন মহম্মদ সিরাজ। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারি ভাবে এই পরিবর্তনের কথা জানিয়েছে।

Advertisement

গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পান হর্ষিত। এক ওভারের বেশি বল করতে পারেননি। তার মধ্যেও দু’বার বল করার জন্য দৌড়তে শুরু করেও থেমে যান। পরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষায় দেখা গিয়েছে তাঁর হাঁটুতে রক্তক্ষরণ হচ্ছে। সম্ভবত তাঁকে অস্ত্রোপচার করাতে হবে। বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে দিল্লির জোরে বোলারকে। শুক্রবার সাংবাদিক বৈঠকেও হর্ষিতকে নিয়ে আশার কথা শোনাতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

হর্ষিতের বিশ্বকাপ খেলা নিয়ে আশঙ্কা তৈরি হওয়ার পরই বিকল্পের খোঁজ শুরু করে দেন অজিত আগরকরেরা। সম্ভাব্যদের গত এক বছরের পারফরম্যান্স খতিয়ে দেখতে শুরু করা হয়। সূর্যকুমার বলেন, ন’নম্বরে নেমে ব্যাট করতে হবে, এমন ব্যাপার নেই। আমরা এক জন ভাল বোলার নিতে চাই। রান করার জন্য আট জন তো থাকছেই। সেই মতো সিরাজকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরাজ এখন লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে নিয়মিত হলেও সাদা বলের ক্রিকেটে নন। তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে এক রকম ব্রাত্যই করে রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর। তবু তাঁর উপরই আস্থা রাখা হয় শেষ মুহূর্তে।

দেশের হয়ে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সিরাজের। ১৬টি উইকেট রয়েছে তাঁর। শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে। দেড় বছর পর সরাসরি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবেন হায়দরাবাদের জোরে বোলার।

Advertisement
আরও পড়ুন