মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
আইপিএলের প্রথমার্ধ শেষ পর্যায়। এখনও মাঠে নামতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা ক্রমশ বাড়ছে। ধোনি কি আদৌ আইপিএল খেলবেন? শনিবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি আশার কথা শুনিয়েছেন।
ধোনির চোট সারলেও ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। ৪৪ বছরের উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না চেন্নাই কর্তৃপক্ষ। আইপিএলে দলের পারফরম্যান্স খুব ভাল হচ্ছে না। ছ’টি ম্যাচ খেলে দু’টিতে জিতেছেন রুতুরাজ গায়কোয়াড়েরা। তার উপর শনিবার হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বাকি আইপিএলে অনিশ্চিত আয়ুষ মাত্রে। এই পরিস্থিতিতে ধোনি কবে মাঠে নামতে পারবেন এই প্রশ্ন আরও বড় হয়েছে।
হায়দরাবাদ ম্যাচের পর হাসি বলেছেন, ‘‘ধোনি এখন দৌড়তে পারছে। তবে গতি আরও বাড়াতে হবে। চেষ্টা করছে। কারণ ধোনিকে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে হবে। ব্যাটিং অর্ডারের উপরের দিকে ও থাকবে না, এটা নিশ্চিত। শেষ দিকে খুচরো রান নিতে হয়। তাই ঠিক মতো দৌড়োনোর বিষয়টা নিশ্চিত করা দরকার।’’
তা হলে কি ধোনি এ বার খেলতে পারবেন না? হাসি বলেছেন, ‘‘প্রয়োজনীয় গতিতে দৌড়োতে পারছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ধোনি যখন এ ব্যাপারে আত্মবিশ্বাস পাবে, তখনই খেলানোর কথা ভাবা যেতে পারে। জানি না, ধোনি কবে থেকে খেলতে পারবে। আশা করব যতটা সময় লাগবে বলে মনে হচ্ছে, তার আগেই ধোনি ম্যাচ খেলতে পারবে।’’
গত মরসুম থেকে ধোনি ঘরোয়া ক্রিকেটার হিসাবে চেন্নাইয়ের হয়ে খেলেন। ২০১৯ সালের পর ভারতের হয়ে না খেলায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী তাঁকে এখন ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। চেন্নাইয়ের সমর্থকদের কাছে ধোনির আলাদা জায়গা রয়েছে। তাঁকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আবেগও কম নয়। চেন্নাইয়ের জনপ্রিয়তার অন্যতম কারণও ধোনি। স্বাভাবিক ভাবেই তাঁর ম্যাচে ফেরার দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।