IPL 2026

রোহিতকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছে না মুম্বই, বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের, হারের হ্যাটট্রিকের পর আরও সমস্যায় হার্দিকেরা

রোহিত শর্মার চোট গুরুতর নয়। তবু ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। তাঁকে কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে চাপ পড়লে সমস্যা গুরুতর হয়ে যেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৯:০৭
picture of cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টানা তিন হার। চাপে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের সমস্যা আরও বাড়ল। চোটের জন্য বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না রোহিত শর্মা। গত রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৩ বলে ১৯ রান করার পর মাঠ ছাড়েন রোহিত।

Advertisement

বিরাট কোহলিদের বিরুদ্ধে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে টান ধরে রোহিতের। মাঠে চিকিৎসককে ডেকে শুশ্রূষা করান। তাতে লাভ হয়নি। পরিস্থিতি বুঝে ঝুঁকি নেননি। এর পর সোমবার সকালে মুম্বইয়ে একটি হাসপাতালে রোহিতের স্ক্যান করানো হয়। তাঁর সঙ্গে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিয়ো নীতীন পটেল।

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, মেডিক্যাল রিপোর্টে ভয়ের কিছু নেই। রোহিতের চোট গুরুতর নয়। তবু ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। তাঁকে কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে চাপ পড়লে সমস্যা গুরুতর হয়ে যেতে পারে। তাই শ্রেয়স আয়ারের দলের বিরুদ্ধে রোহিতের মাঠে নামার সম্ভাবনা নেই। তিনি কবে আবার মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে কিছু জানানো হয়নি মুম্বই শিবির থেকে। মনে করা হচ্ছে, একাধিক ম্যাচে রোহিতকে পাবেন না হার্দিক পাণ্ড্যেরা।

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত একজন ওই ওয়েবসাইটকে বলেছেন, ‘‘রোহিতকে সম্ভবত খেলানো হবে না। দল এবং রোহিতের স্বার্থেই এই সিদ্ধান্ত। দীর্ঘ প্রতিযোগিতায় রোহিতকে প্রয়োজন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে এবং ঝুঁকি এড়াতে কিছু দিন বিশ্রামে রাখা হতে পারে রোহিতকে। এটাকে সতর্কতামূলক ব্যবস্থা বলা যেতে পারে। এ ক্ষেত্রে রোহিতের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে। ও যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। রোহিত নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।’’

গত রবিবার ১৯ রানের ইনিংসেই মুম্বইয়ের হয়ে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রোহিত। মুম্বইয়ের হয়ে এখনও পর্যন্ত রোহিত ২৩১টি ম্যাচ খেলে করেছেন ৬০১৩ রান। গড় ২৯.৭৬। স্ট্রাইক রেট ১৩২.৮২। মুম্বইয়ের হয়ে দু’টি শতরান এবং ৪০টি অর্ধশতরানের ইনিংস রয়েছে প্রাক্তন অধিনায়কের।

Advertisement
আরও পড়ুন