IPL 2026

পিছু হটলেন কোহলির সতীর্থ! নিজের দেশের বোর্ডকে আদালতে নিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইলেন বেঙ্গালুরুর বিদেশি ক্রিকেটার

ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারায় পেসারকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি ক্রিকেট বোর্ড। তারই প্রতিবাদে ক্রিকেট বোর্ডকে আদালতে নিয়ে গিয়েছিলেন সেই ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৭:১৫
cricket

কোহলিদের সঙ্গে তুষারা। গত বারের আইপিএলে। —ফাইল চিত্র।

পিছু হটলেন নুয়ান তুষারা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আদালতে নিয়ে যাওয়ার কয়েক দিন পর বোর্ডের কাছে ক্ষমা চাইলেন তিনি। ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার তুষারাকে আইপিএলে খেলার অনুমতি (এনওসি) দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারই প্রতিবাদে ক্রিকেট বোর্ডকে আদালতে নিয়ে গিয়েছিলেন তিনি। সেই তুষারাই এ বার অন্য কথা বললেন।

Advertisement

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ইমেল করে ক্ষমা চেয়েছেন তুষারা। তিনি জানিয়েছেন, বোর্ডকে কালিমালিপ্ত করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। তিনি শুধু ন্যায়বিচার চেয়েছিলেন। তুষারার মনে হয়েছিল, তাঁর সঙ্গে অন্যায় হয়েছে। পুরো বিষয়টির মধ্যে স্বচ্ছতা আনতে চেয়েছিলেন তিনি। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

তুষারার এই পদক্ষেপ থেকে স্পষ্ট, বোর্ডের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলতে চাইছেন তিনি। এ বার হয়তো বোর্ডের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেবেন বিরাট কোহলির সতীর্থ।

গত বছর আইপিএলেও বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তুষারা। এ বারও তাঁকে ধরে রেখেছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। শ্রীলঙ্কা ক্রিকেটের অনুমতি না পাওয়ায় এ বার খেলতে পারছেন না। ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারলে বোর্ডের চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দিচ্ছেন না শ্রীলঙ্কার কর্তারা। তুষারার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

বোর্ডের এই সিদ্ধান্তকে কলম্বো জেলা আদালতে চ্যালেঞ্জ করেন তুষারা। তাঁর যুক্তি ছিল, এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে নেই। গত ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে চুক্তির মেয়াদ। বোর্ড তাঁকে এ ভাবে আটকে রাখতে পারে না। শ্রীলঙ্কা ক্রিকেটের সিদ্ধান্তকে অযৌক্তিক এবং তাঁর জীবিকার পথে বাধা হিসাবে ব্যাখ্যা করেছেন তুষারা। উল্লেখ্য, আইপিএল না খেললে বেঙ্গালুরুর কাছ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা পাবেন না তিনি।

আইনি লড়াইয়ের প্রস্তুতি নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, তুষারাকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তাদের যুক্তিসঙ্গত আপত্তি রয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতে বোর্ডের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তিকালীন নিষেধাজ্ঞার আবেদন করেছেন তুষারা। তিনি আইনি নোটিস দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিশানায়েক, কোষাধ্যক্ষ সুজীব গোদালিয়াদ্দা এবং প্রধান নির্বাহী কর্তা অ্যাশলি ডি সিলভাকে। আগামী ২৩ এপ্রিল তুষারার করা মামলার প্রথম শুনানি হওয়ার কথা। এখন দেখার, তুষারা মামলা প্রত্যাহার করে নেন কি না।

Advertisement
আরও পড়ুন