IPL 2026

টানা চার হারে ভেঙে পড়েছিলেন হার্দিকেরা! তখন কেমন ছিল মুম্বইয়ের সাজঘর, গুজরাতকে হারিয়ে জানালেন দলের পেসার

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের আগে টানা চার ম্যাচ হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সময় দলের সাজঘরের ছবিটা কেমন ছিল তা জানিয়েছেন পেসার অশ্বনী কুমার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১২:৫৪
cricket

মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

অবশেষে জয়ে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্সকে তাদের ঘরের মাঠে ৯৯ রানে হারিয়েছেন হার্দিক পাণ্ড্যেরা। এই জয়ের আগে টানা চার ম্যাচ হেরেছিল মুম্বই। সেই সময় দলের সাজঘরের ছবিটা কেমন ছিল? হার্দিক পাণ্ড্যেরা কি ভেঙে পড়েছিলেন? জয়ের পর তা জানিয়েছেন মুম্বইয়ের পেসার অশ্বনী কুমার।

Advertisement

তিলক বর্মার শতরানের পাশাপাশি বল হাতে অশ্বনীর পারফরম্যান্সও মুম্বইয়ের জয়ে ফেরার নেপথ্যে রয়েছে। চার ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দলের এই বাঁহাতি পেসার। খেলা শেষে তাঁকে সাংবাদিক বৈঠকে দলের সাজঘর নিয়ে প্রশ্ন করা হলে অশ্বনী বলেন, “স্যর, সাজঘরের পরিবেশ খুব ভাল ছিল। শুধু ইতিবাচক কথা বলতাম। আমরা হারি বা জিতি, সাজঘরের পরিবেশ কখনও খারাপ হয় না। এটাই এই দলের বৈশিষ্ট্য। আমরা জানি, আমরা ফিরতে পারব। সেই বিশ্বাস আমাদের কথাতেও দেখা যায়।”

গুজরাতের অধিনায়ক শুভমন গিল, রাহুল তেওতিয়া, শাহরুখ খান ও রশিদ খানের উইকেট নিয়েছেন অশ্বনী। তিনি জানিয়েছেন, প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা করেছিলেন। অশ্বনী বলেন, “আমি প্রত্যেকের বিরুদ্ধে আলাদা করে পরিকল্পনা করেছিলাম। কার কী শক্তি, দুর্বলতা সেটা জেনেই নেমেছিলাম। কিন্তু মাঠে নেমে পিচ দেখে অধিনায়কের সঙ্গে কথা বলি। কারণ, পরিকল্পনা থাকলেও মাঠে নেমে পরিস্থিতি অনুযায়ী বল করাটাই আসল। সেটাই করেছি। তাতে সফল হয়েছি।”

আইপিএলের শুরুতে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর টানা চার ম্যাচে হেরেছিল মুম্বই। দলের অন্দরের হাল নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটারেরা। প্রশ্ন উঠেছিল হার্দিকের অধিনায়কত্ব নিয়েও। কিন্তু গুজরাতের বিরুদ্ধে সব প্রশ্নের জবাব দিয়েছে মুম্বই। জয়ে ফিরেছে তারা।

অহমদাবাদের মাঠে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান করে মুম্বই। তিলকের ১০১ বাদে একমাত্র নমন ধীর করেন ৪৫ রান। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ১০০ রানে অল আউট হয়ে যায় গুজরাত। বল হাতে ৪ উইকেট নেন অশ্বনী। ৯৯ রানে ম্যাচ জেতে মুম্বই।

এই জয়ের পর পয়েন্ট তালিকায় এক লাফে ১০ নম্বর থেকে সাত নম্বরে উঠেছে মুম্বই। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ৪। একই পয়েন্ট নিয়ে মুম্বইয়ের নীচে রয়েছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। নেট রানরেটে তাদের টপকে গিয়েছে মুম্বই।

Advertisement
আরও পড়ুন