ICC T20 World Cup 2026

রবিবারও আক্রমণাত্মক ক্রিকেট খেলব! আমেরিকাকে হারিয়ে ভারতকে হুঁশিয়ারি ‘স্টেনগান’ উল্লাস করা পাক ব্যাটারের

মঙ্গলবার শ্রীলঙ্কার মাটিতে আমেরিকাকে সহজে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচ জিতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ব্যাটার সাহিবজ়াদা ফারহান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৬
cricket

এশিয়া কাপে সাহিবজ়াদা ফারহানের সেই ‘স্টেনগান’ উল্লাস। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে হুঙ্কার দিলেন পাকিস্তানের ওপেনার সাহিবজ়াদা ফারহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার শ্রীলঙ্কার মাটিতে আমেরিকাকে ৩২ রানে হারিয়েছে পাকিস্তান। ম্যাচের সেরা হয়েছেন ফারহান। তিনি এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন।

Advertisement

ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় ধারাভাষ্যকার ওয়াসিম আক্রম ফারহানকে জিজ্ঞাসা করেন, ভারত ম্যাচ নিয়ে তাঁরা কী ভাবছেন। জবাবে ফারহান বলেন, “আমরা ভারতের বিরুদ্ধে এর আগের ম্যাচগুলোতে যে রকম আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছি, রবিবারও সেই রকম মানসিকতা নিয়েই নামব। এশিয়া কাপেও সেটাই করেছিলাম। ইতিবাচক থাকব। আক্রমণাত্মক ক্রিকেট খেলব।”

ফারহান এশিয়া কাপের প্রসঙ্গ তুললেও সেখানে তিনটি ম্যাচেই হেরেছিল পাকিস্তান। তার মধ্যে ফাইনালও ছিল। একমাত্র ফাইনালেই যা লড়াই করেছিল তারা। আগের দুই ম্যাচে আরাম করে ম্যাচ জিতেছিল ভারত।

যদিও ফারহান তিনটি ম্যাচেই ভাল খেলেছিলেন। প্রথম ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়়া হলেও পরের দুই ম্যাচে তা করেছিলেন। দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের পর তাঁর বন্দুক চালানোর কায়দায় ‘স্টেনগান’ উল্লাস নিয়ে কম বিতর্ক হয়নি। ভারতীয় সমর্থকেরা সমালোচনা করেছিলেন। ফারহানের শাস্তির দাবিও উঠেছিল। তার ঠিক আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর জেরে দু’দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত ছিল। ফলে ফারহানের উল্লাস নিয়ে বিতর্ক আরও বেড়েছিল। সেই ফারহান এ বার হুঁশিয়ারি দিলেন ভারতকে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে পাকিস্তান সরকার জানিয়ে দেয়, প্রতিযোগিতায় নামলেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। পরের আট দিন জল অনেক দূর গড়ায়। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড পাকিস্তানকে খেলার অনুরোধ করে। তাদের সঙ্গে আলোচনা করে আইসিসি। সম্প্রচারকারী সংস্থাও পাক বোর্ডের উপর চাপ বাড়ায়। অবশেষে সোমবার রাতে পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিরুদ্ধে খেলবে তারা। আগামী রবিবার সেই ম্যাচের পাঁচ দিন আগে থেকেই উত্তপ্ত হয়ে শুরু করেছে পরিস্থিতি।

Advertisement
আরও পড়ুন