(বাঁ দিকে) ওয়ানিন্দু হাসরঙ্গ ও মাইকেল ব্রেসওয়েল (ডান দিকে)। —ফাইল চিত্র।
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসরঙ্গ ও মাইকেল ব্রেসওয়েল। ফলে প্রতিযোগিতার শুরুতেই সমস্যায় দুই দল। ইতিমধ্যেই হাসরঙ্গের পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কিন্তু ব্রেসওয়েলের বদলে এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারকে ১৫ জনের দলে নেয়নি নিউ জ়িল্যান্ড। দুই রিজ়ার্ভ ক্রিকেটারের কথা জানিয়েছে তারা।
মঙ্গলবার আইসিসি দুই ক্রিকেটারের চোটের কথা জানিয়েছে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বল করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসরঙ্গ। সেই পরিস্থিতিতেই বল করেন তিনি। নেন ৩ উইকেট। কিন্তু পরে তাঁর চোট পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি।
বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন ব্রেসওয়েল। সেই চোট থেকে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু প্রস্তুতি ম্যাচে আবার চোট পান ব্রেসওয়েল। তাঁর চোট খতিয়ে দেখেও চিকিৎসকেরা ঝুঁকি নিতে চাননি। ফলে ব্রেসওয়েলকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাসরঙ্গের বদলে দুশান হেমন্তকে ১৫ জনের দলে নিয়েছে শ্রীলঙ্কা। তিনিও লেগ স্পিনার। অন্য দিকে নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, পেসার বেন সিয়ার্স ও স্পিনার-অলরাউন্ডার কোল ম্যাকনচিকে ভারতে পাঠানো হচ্ছে। তাঁরা রিজ়ার্ভ ক্রিকেটার হিসাবে নিউ জ়িল্যান্ডের দলে যোগ দেবেন। প্রয়োজন পড়লে তাঁদের মধ্যে একজনকে ১৫ জনের দলে নেওয়া হবে।
শনিবার অহমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে নিউ জ়িল্যান্ড। অন্য দিকে বৃহস্পতিবার ওমানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার।