ছবি: এক্স থেকে নেওয়া।
পোষ্য কুকুরকে নিয়ে পাহাড় ভ্রমণে গিয়েছিলেন তরুণী। রাস্তায় মুখোমুখি হলেন এক গ্রিজ়লি ভালুকের। তাঁদের দিকে তেড়েও এল হিংস্র প্রাণীটি। তার পর? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে কানাডায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কানাডায় হাইকিংয়ে গিয়ে একটি গ্রিজ়লি ভালুকের মুখোমুখি হয়েছেন এক তরুণী এবং তাঁর পোষ্য। জঙ্গলের মধ্যে তাঁদের ক্রমাগত অনুসরণ করতে থাকে ভালুকটি। ওই তরুণীও ভালুকের উপর কড়া নজর রেখে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকেন। ভালুকটি তরুণীর খুব কাছে চলে আসে। হিংস্র প্রাণীটিকে তাড়ানোর জন্য চিৎকার করতে থাকেন তরুণী। তাঁর কুকুরও চিৎকার করতে থাকে। কিছু ক্ষণের জন্য মনে হয়েছিল ভালুকটি হয়তো পিছু হঠবে। কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে যখন প্রাণীটি হঠাৎ তরুণীর দিকে তেড়ে আসে। ভয় পেলেও মনের জোর হারাননি তরুণী। ভালুকের চোখে চোখ রেখে চিৎকার করতে থাকেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘থামো। চলে যাও। অনেক হয়েছে। থামো।’’ প্রাণীটির সঙ্গে নিরাপদ দূরত্বও বজায় রাখছিলেন তিনি। বেশ কিছু ক্ষণ পর অবশেষে পিছিয়ে যায় ভালুকটি। জঙ্গলে চলে যায়। ভিডিয়োর শেষে দেখা যায়, ওই তরুণী এবং তাঁর কুকুর নিরাপদে এলাকাটি ত্যাগ করছেন এবং তরুণীকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চলেছেন।
ভাইরাল ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টনি লেন’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। চরম চাপের মুখেও শান্ত থাকার জন্য ওই তরুণীর প্রশংসাও করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে উল্লেখ করেছেন, একটি বিশাল শিকারি প্রাণীর খুব কাছাকাছি চলে আসার সময় শান্ত থাকা কতটা কঠিন, তা অনেকেই ঠিকমতো বুঝতে পারেন না।
গ্রিজ়লি ভালুক উত্তর আমেরিকার অন্যতম বৃহত্তম স্থলজ শিকারি প্রাণী। পূর্ণবয়স্ক পুরুষ ভালুকের ওজন প্রায় ৩২০ কেজি বা তার থেকেও বেশি হতে পারে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার পর্যন্ত বেগে দৌড়োতে সক্ষম এরা। ফলে মানুষের পক্ষে এদের দৌড়ে হারানো প্রায় অসম্ভব।