ICC T20 World Cup 2026

পাক ডাগ আউটে কোচ-অধিনায়ক ঝগড়া! রাগে জলের বোতল ছুড়ে ফেললেন সলমন, নির্বাক দর্শক বাবর

ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান শিবিরে অশান্তির খবর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বুধবার পাকিস্তান-নামিবিয়া ম্যাচের মাঝে প্রকাশ্যে ঝগড়ায় জড়ালেন কোচ মাইক হেসন এবং অধিনায়ক সলমন আলি আঘা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭
picture of cricket

(বাঁ দিকে) সলমন আলি আঘা এবং মাইক হেসন (ডান দিকে)। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে পাকিস্তান। নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয় পেয়েছেন সলমন আলি আঘারা। সুপার এইটে ওঠার আনন্দ থাকলেও পাক শিবিরের সব কিছু ঠিক নেই। ভারতের কাছে হারের পর থেকেই সলমনদের শিবিরে অশান্তি শুরু হয়েছে বলে শোনা যাচ্ছিল। বুধবার পাকিস্তান-নামিবিয়া ম্যাচের পর দেখা গিয়েছে অশান্তির দৃশ্য।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সলমন। ওপেনার সাইম আয়ুব (১৪) ষষ্ঠ ওভারের প্রথম বলে আউট হতেই মেজাজ হারান পাকিস্তানের কোচ মাইক হেসন। উত্তেজিত ভাবে পাশে বসা অধিনায়ক সলমনকে কিছু বলতে দেখা যায় তাঁকে। কোচের কথায় বিরক্ত হন সলমন। তাঁকে পাল্টা কিছু বলতে দেখা যায়। দু’জনের মধ্যে প্রায় কথা কাটাকাটি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। হেসন চেয়ার ছেড়ে উঠে আঙুল উঁচিয়ে কিছু বলেন অধিনায়ককে। তার পর সলমন রাগে জলের বোতল ছুড়ে ফেলে দেন। অধিনায়কের এমন আচরণে বিস্মিত হন হেসন।

কোচ-অধিনায়কের বিবাদের সময় তাঁদের মাঝের আসনে প্যাড পরে বসেছিলেন বাবর আজ়ম। তিনি মুখে কিছু না বললেও দু’জনের ঝগড়া দেখছিলেন। তাঁর মধ্যে কিছুটা অস্বস্তি দেখা গিয়েছে সে সময়। পাক শিবিরের এই অশান্তির ঘটনা দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ভারতের কাছে হারের পর বাবর এবং শাহিন আফ্রিদির পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনা হয়। দুই সিনিয়র ক্রিকেটারকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি ওঠে পাকিস্তানে। দলকে কড়া বার্তা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিও। বুধবার নামিবিয়ার বিরুদ্ধে খেলানো হয়নি শাহিনকে। বাবর প্রথম একাদশে থাকলেও তাঁকে ব্যাট করতে পাঠানো হয়নি। ব্যাটিং অর্ডারে ক্রমশ নীচে নামানো হয়েছে প্রাক্তন অধিনায়ককে।

নামিবিয়া ম্যাচ জেতার পরেই প্রাক্তনদের তোপ দেগেছেন শাদাব। বলেছেন, ‘‘আমাদের প্রাক্তন ক্রিকেটারেরা পাকিস্তানের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন। কিন্তু মনে রাখতে হবে, তাঁরাও বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি। আমরা ২০২১ বিশ্বকাপে ভারতকে হারিয়েছি। আমাদের কিংবদন্তিরা সেটা পারেননি।’’

Advertisement
আরও পড়ুন