Salman Agha

নেতৃত্ব হারানোর ইঙ্গিত পেয়েই সরে দাঁড়ানোর ভাবনা সলমনের! আপাতত টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চান না পাক অধিনায়ক

টেস্ট এবং এক দিনের ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সলমন আলি আঘা। তাই আপাতত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নিতে চান। তাঁকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চাইছিল পিসিবির একাংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:০৮
picture of cricket

সলমন আলি আঘা। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়াতে পারেন সলমন আলি আঘা। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চাপ কমানোর লক্ষ্যে আগামী বিশ্বকাপ পর্যন্ত ২০ ওভারের ক্রিকেট খেলতে চান না পাকিস্তানের সাদা বলের অধিনায়ক।

Advertisement

এই মুহূর্তে এক দিনের বিশ্বকাপকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সলমন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘এক দিনের বিশ্বকাপ এখনও দেরি আছে ঠিকই। তবু এখন থেকে সূচি বেছে খেলার কথা ভাবছি। কতটা ক্রিকেটীয় চাপ নেব, সেটাও ভাবছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘এখন এক দিনের ক্রিকেট এবং টেস্টে মন দিতে চাইছি। কিছু দিন টি-টোয়েন্টি খেলব না।’’ আগামী বছর অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নামিবিয়ায় হবে এক দিনের বিশ্বকাপ।

গত এক বছর ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন সলমন। তবে তাঁর পারফরম্যান্সে খুশি নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের একাংশ। ফর্মে না থাকা সলমনকে অধিনায়ক রাখতে রাজি নন তাঁরা। মনে করা হচ্ছে, নেতৃত্বে হারানোর ইঙ্গিত পেয়ে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই বিরতি নিতে চাইছেন সলমন। যদিও নিজের ভাবনার কথা পিসিবিকে এখনও জানাননি তিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি সলমন। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে ১০৬, ৬৪ এবং ৫ রানের ইনিংস খেলেন তিনি। সলমন চান, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভাল পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের আরও বেশি সুযোগ পান। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া উচিত।

Advertisement
আরও পড়ুন