ICC Champions Trophy

২০২৫ সালে পাকিস্তানে খেলতে যাবে ভারত? এক বছর আগে থেকেই চাপ তৈরির খেলায় পাক বোর্ড

গত বছর এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যেতে চায়নি ভারত। সেই কারণে প্রতিযোগিতা পাকিস্তানের পাশাপাশি হয়েছিল শ্রীলঙ্কায়। সেটা যাতে আবার না হয় তা নিয়ে সতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৪ ১২:৪১
cricket

বাবর আজ়ম (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এশিয়া কাপের ধাক্কা এখনও ভুলতে পারেনি পাকিস্তান। গত বছর এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যেতে চায়নি ভারত। সেই কারণে প্রতিযোগিতা পাকিস্তানের পাশাপাশি হয়েছিল শ্রীলঙ্কায়। সেটা যাতে আবার না হয় তা নিয়ে সতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বছর আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপে রাখার কাজ শুরু করেছে তারা।

Advertisement

আগামী সপ্তাহে দুবাইয়ে আইসিসির এগজিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা তুলবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে এই প্রতিযোগিতা হওয়ার কথা। আয়োজক দেশ পাকিস্তান। ভারত সে দেশে খেলতে যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। সেই কারণে, আইসিসির কাছে পাকিস্তান আবেদন করবে যাতে ভারতীয় বোর্ড নিশ্চিত করে যে তারা খেলতে যাবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে ছিল। কাউন্সিলেন সভাপতি জয় শাহ। তিনি আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। সেই কারণে প্রতিযোগিতা সরানো গিয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির অধীনে রয়েছে। বিশ্বের সব দেশ পাকিস্তানে খেলতে যাবে। তাই ভারতের পক্ষে পাকিস্তানে না খেলতে যাওয়ার দাবি করা সহজ হবে না। সেটা যাতে ভারত করতে না পারে তার জন্য আগে থেকেই তৈরি থাকতে চাইছেন নকভি।

ওই আধিকারিক আরও জানিয়েছেন, বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধিদের নকভি জানাবেন যে পাকিস্তানে নতুন সরকার তৈরি হওয়ার পরে সুরক্ষার কোনও সমস্যা হবে না। তাই ভারত যেন সে দেশে খেলতে যায়। শুধু তাই নয়, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারও যাতে ভারতে হয় তার অনুরোধ করবেন নকভি। ভারতের তরফে ইতিবাচক সাড়া না পাওয়া গেলে আইসিসিকে পদক্ষেপ করার অনুরোধ করবেন নকভি।

শেষ বার ২০০৮ সালে পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারত। তার পর থেকে ২০১১, ২০১৬ ও ২০২৩ সালে ভারতে খেলতে গিয়েছে পাকিস্তান। কিন্তু ভারত আর সে দেশে যায়নি। বৈঠকে নকভি সে দেশের স্টেডিয়াম ও নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য আইসিসির আধিকারিকদের জানাবেন। এখন দেখার বৈঠকের পরে ভারতের তরফে কোনও মন্তব্য করা হয় কি না।

Advertisement
আরও পড়ুন