ICC U19 World Cup 2026

ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের চিন্তা ধারাবাহিকতার অভাব, বৈভবদের সমস্যায় ফেলতে পারেন আফগান স্পিনারেরাও

শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ভাল হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আযুষ মাত্রেরা এখনও অপরাজিত থাকলেও সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে উদ্বেগ ধারাবাহিকতার অভাব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩
picture of cricket

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের ক্রিকেটারেরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী আয়ুষ মাত্রের দল। বুধবার ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। পাঁচ বারের চ্যাম্পিয়নদের প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দলের বাধা টপকাতে হবে আফগান বাধা টপকাতে হবে। অন্য দিকে, মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেল ইংল্যান্ড।

Advertisement

সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলতে পারেননি অনূর্ধ্ব-১৯ ভারত। বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, মাত্রে, বিহান মলহোত্র, অভিজ্ঞান কুন্ডুরা প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। ভারতের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্পিনারদের। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরের অন্যতম উদ্বেগ। আফগান দলে একাধিক ভাল স্পিনার রয়েছে। হারারের ২২ গজও স্পিনারদের সাহায্য করে। স্বভাবতই সেমিফাইনালের আগে সাবধানী ভারতীয় শিবির। ধারাবাহিকতার অভাব ভাবাচ্ছে শেষ পাঁচ বারের ফাইনালিস্টদের।

আফগানিস্তানের কাছে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়ের মতো দলকে। মাহবুব খানের দলের অন্যতম শক্তি ব্যাটিং। ফয়জল শিনোজ়াদা, মাহবুব, ওসমান সাদাতের মতো ব্যাটারেরা বেশ ভাল ফর্মে রয়েছেন। দলে একাধিক অলরাউন্ডার থাকায় ভারসাম্যও ভাল। সিনিয়র ক্রিকেটের মতো অনূর্ধ্ব-১৯ পর্যায়ও আফগানিস্তান এখন জায়ান্ট কিলারের তকমা পাচ্ছে। আফগান বোলারেরা বুধবার ভারতকেও সমস্যায় ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না।

ছোটদের বিশ্বকাপের ফাইনালে যারাই উঠুক, আগামী রবিবার তাদের খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার অনর্ধ্ব-১৯ দলকে ২৭ রানে হারিয়েছে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৭ করে ইংল্যান্ড। ১০৭ বলে ১১০ রানের ইনিংস খেলেন থমাস রিউ। ৪০ রান করেছেন কালেব ফ্যালকোনর। অস্ট্রেলিয়ার হেডেন স্কিলার ৩১ রানে ২ উইকেট নিয়েছেন। জবাবে ৪৭.৩ ওভারে ২৫০ রানে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ইনিংস। অধিনায়ক অলিভার পিকের ১০০ রানের ইনিংসও তাদের হার বাঁচাতে পারেনি। ৩০ রানে ২ উইকেট ইংল্যান্ডের জেমস মিন্টোর। ৩৩ রানে ২ উইকেট সেবাস্তিয়ান মরগ্যানের।

Advertisement
আরও পড়ুন