IPL 2026

পঞ্জাব হারলেও নজির কোনোলির! শতরান করে রেকর্ড অস্ট্রেলিয়ার ব্যাটারের, ছাপিয়ে গেলেন ডি’কককে

সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে দল হারলেও শতরান করেছেন পঞ্জাব কিংসের কুপার কোনোলি। এই ইনিংসের পর আইপিএলে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৪:১৬
cricket

কুপার কোনোলি। ছবি: পিটিআই।

দল খারাপ খেললেও নজর কেড়েছেন কুপার কোনোলি। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার। এই ইনিংসের পর আইপিএলে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

Advertisement

আইপিএলের বিদেশি ক্রিকেটারদের মধ্যে কনিষ্ঠতম হিসাবে শতরান করেছেন কোনোলি। বুধবার কোনোলির বয়স ছিল ২২ বছর ২৫৭ দিন। তিনি ছাপিয়ে গিয়েছেন কুইন্টন ডি’কককে। ২০১৬ সালে দিল্লির হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৩ বছর ১২২ দিন বয়সে শতরান করেছিলেন ডি’কক। এত দিন সেটাই ছিল কনিষ্ঠতম বিদেশি হিসাবে আইপিএলে শতরানের রেকর্ড। সেই নজির ভেঙে দিলেন কোনোলি।

সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৩৬ রান তাড়া করতে নেমে পর পর উইকেট হারায় পঞ্জাব। কোনোলি ছাড়া আর কোনও ব্যাটার রান পাননি। দেখে মনে হচ্ছিল, বাকিরা অন্য উইকেটে খেলছেন। ৫৭ বলে শতরান করেন কোনোলি। তাঁকে আউট করতে পারেননি হায়দরাবাদের বোলারেরা।

এ বারই প্রথম আইপিএলে খেলছেন কোনোলি। কিন্তু তাঁকে দেখে মনে হচ্ছে না চাপে রয়েছেন। ১০ ম্যাচে ন’ইনিংসে ৩৭৭ রান করেছেন তিনি। ৫৩.৮৬ গড় ও ১৭১.৩৬ স্ট্রাইক রেটে রান করেছেন। একটি শতরান ও দু’টি অর্ধশতরান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। বুধবার তিনি যে ভাবে ব্যাট করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে, কোনোলি লম্বা রেসের ঘোড়া।

Advertisement
আরও পড়ুন