Rahul Dravid

ভারতীয় দলে সুযোগ রাহুল দ্রাবিড়ের পুত্রের, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলতে যাবে অন্বয় দ্রাবিড়

আবার ভারতীয় দলে সুযোগ পেল অন্বয় দ্রাবিড়। সে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে। শ্রীলঙ্কায় সফরগামী ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নেওয়া হয়েছে অন্বয়কে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:২৩
cricket

রাহুল দ্রাবিড়। — ফাইল চিত্র।

আবার ভারতীয় দলে সুযোগ পেল অন্বয় দ্রাবিড়। সে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে। শ্রীলঙ্কায় সফরগামী ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নেওয়া হয়েছে অন্বয়কে। ৪ জুলাই থেকে শুরু হবে সিরিজ়। এস শরতের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দলে রেখেছে অন্বয়কে। তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি মাল্টি-ডে ম্যাচ খেলা হবে।

Advertisement

দু’টি দলের অধিনায়ক করা হয়েছে যশবর্ধন সিংহ চৌহানকে। অন্বয় সুযোগ পেয়েছে সাদা বলের দলে। ১৭ বছর ৪৫ দিন বয়স অন্বয়ের। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে একটি সিরিজ়েও সুযোগ পেয়েছিল সে। একটি ত্রিদেশীয় সিরি‌জ় খেললেও মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিল। বিশ্বকাপে তাকে নেওয়া হয়নি। তবে বয়স কম থাকায় বোঝা গিয়েছিল পরের বিশ্বকাপ চক্রেই নেওয়া হবে তাঁকে।

ঠিক সেটাই হয়েছে। ভারতীয় দলে আবার সুযোগ পেয়েছে সে। ফিট থাকলে এবং ফর্ম ধরে রাখতে পারলে ভারতের হয়ে পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলবে সে।

গত বছরের বিনু মাঁকড় ট্রফিতে কর্নাটককে নেতৃত্ব দিয়েছিল অন্বয়। দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ছ’টি ম্যাচ খেলে ২২০ রান করেছিল অন্বয়। তার মধ্যে একটি ম্যাচে ৮২ এবং আর একটি ম্যাচে অর্ধশতরান করেছিল সে। কোয়ার্টারে হায়দরাবাদের কাছে হারলেও নজর কেড়েছিল অন্বয়ের ইনিংস।

২০২৪-এ, দ্রাবিড়ের বড় ছেলে সমিত সুযোগ পেয়েছিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। তবে চোটের কারণে সেই সিরিজ়ে খেলতে পারেননি। পরে আর সুযোগ পাননি। এ বার অন্বয় সুযোগ পেল জাতীয় দলে।

Advertisement
আরও পড়ুন