India vs England

জাডেজার উপর রেগে গেলেন অশ্বিন, স্বস্তির দিনেও তাল কাটল দুই ক্রিকেটারের ঝামেলায়

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভাল জায়গায় ভারত। তবে রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। সাজঘরে ফেরার আগে জাডেজাকে উদ্দেশ্য করে কিছু বলেন, যা তাল কেটেছে শিবিরের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ২১:২৬
cricket

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: পিটিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ভাল জায়গায় রয়েছে ভারত। এগিয়ে রয়েছে ১৭৫ রানে। প্রায় সব ভারতীয় ব্যাটারই দু’অঙ্কের রান করেছেন। এক জন ছাড়া। তিনি রবিচন্দ্রন অশ্বিন। সতীর্থ রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে জাডেজাকে উদ্দেশ্য করে কিছু বলেনও, যা তাল কেটেছে কিছুটা হলেও।

Advertisement

ঘটনাটি ঘটে ভারতীয় ইনিংসের ৯১তম ওভারে। জো রুটের একটি বল কভারের দিকে ঠেলে রান নিতে দৌড়েছিলেন অশ্বিন। দ্রুত গতিতে ডান দিকে দৌড়ে এসে সেই বল আটকে দেন ইংল্যান্ডের ক্রিকেটার টম হার্টলি। অশ্বিন তত ক্ষণে দৌড় শুরু করে মাঝ পিচ পেরিয়ে গেলেও জাডেজা দৌড়ননি। কিছুটা এগিয়েই ফিরে আসেন। তত ক্ষণে জাডেজার প্রান্তে এসে গিয়েছেন অশ্বিনও। হার্টলি সহজেই বল কুড়িয়ে উইকেটকিপার বেন ফোকসের হাতে ছুড়ে দেন। ফোকস অশ্বিনকে রান আউট করে দেন।

সেই রান নেওয়া কঠিন ছিল নিঃসন্দেহে। কিন্তু জাডেজার আচরণে খুশি হননি অশ্বিন। সাজঘরে ফেরার সময় কিছু একটা বলেন। তা অবশ্য শোনা যায়নি। মনে করা হচ্ছে, আউট হওয়ার পর ক্ষিপ্ত হয়েই সতীর্থের উদ্দেশে কিছু বলেছেন তিনি।

এক দিন আগেই অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছিলেন জাডেজা। বলেছিলেন, “অশ্বিন যদি এই টেস্টেই ৫০০টা উইকেট পায় তা হলে দারুণ হবে। আশা করব সেটাই যেন হয়। আমার ৩০০ উইকেট পেতে এখনও ২৫টা বাকি। সেটা পুরো হতে হতে হয়তো গোটা সিরিজ়‌টাই লেগে যাবে। কিন্তু অশ্বিন যাতে এই ম্যাচেই ৫০০তম উইকেট নিয়ে নেয় সেটা মনেপ্রাণে চাই।”

Advertisement
আরও পড়ুন