ছবি: সংগৃহীত।
বিয়েবাড়ির অনুষ্ঠানে মাঝেমধ্যেই নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে থাকে। কখনও বিয়েবাড়ির খাবার নিয়ে আবার কখনও তুচ্ছ কোনও বিষয় নিয়ে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যেখানে বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর সামান্য শুকনো খেজুরের ভাগ-বাঁটোয়ারা নিয়ে হাতাহাতি শুরু হয়েছে অতিথিদের মধ্যে। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। আনন্দময় পরিবেশ হঠাৎ করেই বিশৃঙ্খল হয়ে ওঠার সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর বিশেষ আচার হিসাবে শুকনো খেজুর বিতরণ করা হচ্ছে অতিথিদের মধ্যে। হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুকনো খেজুরের পুঁটলির দখলের জন্য অনেকেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে মারামারি শুরু করে দেন। ভিডিয়োয় স্পষ্ট দেখা গিয়েছে, কয়েক জন মিলে এক ব্যক্তিকে জাপটে ধরে তাঁর মুঠি খোলার চেষ্টা করছেন। খেজুর নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু হয়ে যায় আসরে। কাছাকাছি থাকা একদল অতিথি পুরো ঘটনাটি দেখছিলেন। কিন্তু কেউই এগিয়ে এসে হস্তক্ষেপ করেননি। আপাতদৃষ্টিতে তুচ্ছ বিষয় নিয়েও পরিস্থিতি এমন বিশৃঙ্খল হয়ে উঠতে পারে তা এই ভিডিয়োটি না দেখলে বোঝা যেত না। উপস্থিত লোকজন এমন ভাবে হাসতে থাকেন যে তাঁদের কাছে যেন গোটা বিষয়টি নিছক মজা।
ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘হরেন্দ্র ধওয়ান২.০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা একে ‘খেজুর যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২২ হাজারেরও বেশি লাইক পড়েছে। এক নেটাগরিক লিখছেন, ‘‘গোটা বিশ্ব যখন তেলের জন্য লড়ে যাচ্ছে এরা তখন সামান্য খেজুরের জন্য মারামারিতে ব্যস্ত হয়ে পড়েছে। কী লোভী!’’