(বাঁ দিকে) কার্তিক ত্যাগীর বাউন্সারে ছিটকে পড়ছে জেকব বেথেলের সোনার চেন। সেই চেন কুড়িয়ে ফেরত দিচ্ছেন দেবদত্ত পড়িক্কল (ডান দিকে)। ছবি: ভিডিয়ো থেকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারলেও বল হাতে নজর কেড়েছেন কার্তিক ত্যাগী। চার ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য জেকব বেথেলের উইকেট। ত্যাগীর বাউন্সার সামলাতে পারেননি বেথেল। সেই বাউন্সারে আউট হন তিনি। পাশাপাশি ছিটকে পড়ে যায় তাঁর গলার সোনার চেন।
নিজের প্রথম ওভারেই গতিতে বেথেলকে পরাস্ত করেন ত্যাগী। বল প্রথমে তাঁর ব্যাটে লাগে। তার পর হেলমেটে লেগে শূন্যে ওঠে। নিজেই ক্যাচ ধরেন ত্যাগী। ব্যাট লেগে হেলমেটে লাগার মাঝে বল লাগে বেথেলের গলার সোনার চেনে। সেটি ছিটকে মাটিতে পড়ে। কিন্তু আউট হওয়ার পর চেনের কথা মনে ছিল না বেথেলের। তিনি সাজঘরের দিকে হাঁটা দেন।
বেথেল আউট হওয়ার পর ব্যাট করতে নামেন দেবদত্ত পড়িক্কল। তিনি পিচের কাছে গিয়েই সোনার চেনটি দেখতে পান। সেটি কুড়িয়ে আবার বেথেলের হাতে তুলে দেন তিনি। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল। সকলে ত্যাগীর বোলিংয়ের প্রশংসা করেছেন। অনেক বিশেষজ্ঞই দাবি জানিয়েছেন, নির্বাচকদের উচিত, ত্যাগীকে ভারতীয় দলে সুযোগ দেওয়া।
ত্যাগীর বোলিংয়ের প্রশংসা শোনা গিয়েছে কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানের মুখেও। ম্যাচ শেষে তিনি বলেন, “দলের বোলিং ভাল হয়েছে। বিশেষ করে কার্তিক ত্যাগীর কথা বলব। প্রতি ম্যাচে ও উন্নতি করছে। ও জানে, কোথায় বল করতে হবে। পরিকল্পনা কাজে লাগাতে পারছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল।”