IPL 2026

‘আমাদের জেতা উচিত ছিল না!’ মুম্বইকে শেষ বলে হারিয়ে বললেন পাটীদার, ব্যাখ্যা দিলেন বেঙ্গালুরুর অধিনায়ক

মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ বলে হারিয়ে পয়েন্ট তালিকায় সকলের উপরে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এই জয়েও খুশি হতে পারছেন না রজত পাটীদার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৪:১৯
cricket

রজত পাটীদার। ছবি: রয়টার্স।

খুশি নন রজত পাটীদার। মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ বলে হারিয়ে পয়েন্ট তালিকায় সকলের উপরে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জোড়া হারের পর জয়ে ফিরেও সন্তুষ্ট হতে পারছেন না বেঙ্গালুরুর অধিনায়ক। তাঁর মতে, তাঁদের জেতাই উচিত ছিল না।

Advertisement

মুম্বইকে হারিয়ে পাটীদার বলেন, “আমার মনে হয় না, এই ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। আমাদের যা ব্যাটিং আক্রমণ, তাতে আরও সহজে রান তাড়া করা উচিত ছিল। সেটা করতে পারিনি।”

শেষ পর্যন্ত যে তাঁরা জিতেছেন, তার পুরো কৃতিত্ব ক্রুণাল পাণ্ড্যকে দিয়েছেন পাটীদার। তিনি বলেন, “টান টান ম্যাচ হয়েছে। সকলে বেশ উপভোগ করেছেন। আমার মতে, ক্রুণাল আমাদের জিতিয়ে দিল। ও দুর্দান্ত ইনিংস খেলেছে।”

১৬৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি বেঙ্গালুরুর। প্রথম বলে শূন্য রানে আউট হন কোহলি। রান পাননি দেবদত্ত পড়িক্কল ও পাটীদার নিজে। একটা সময় মনে হচ্ছিল, হেরে যাবে বেঙ্গালুরু। সেখান থেকে লড়াই করেন ক্রুণাল। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে হাঁটতে পারছিলেন না। সেই অবস্থাতেও ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। সেই কারণেই ক্রুণালের প্রশংসা করেছেন অধিনায়ক।

ক্রুণাল আউট হওয়ার পরেও শেষ দিকে চাপে পড়েছিল বেঙ্গালুরু। ৩ বলে ৯ রান দরকার ছিল দলের। সেই সময় গুরুত্বপূর্ণ ছক্কা মারেন ভুবনেশ্বর কুমার। শেষ বলে দরকার ছিল ২ রান। দৌড়ে দু’রান নিয়ে খেলা জিতিয়ে দেন ভুবনেশ্বর ও রাসিখ দার।

Advertisement
আরও পড়ুন