IPL 2026

গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর

গত বছর প্রথম বার আইপিএল জিতে বেঙ্গালুরুতে বিজয়োল্লাসের আয়োজন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই উল্লাসে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৬:২৭
cricket

গত বার বেঙ্গালুরুতে আরসিবির উল্লাসে দেখা গিয়েছিল এই দৃশ্য। —ফাইল চিত্র।

পদপিষ্টকাণ্ডের স্মৃতি এখনও টাটকা বেঙ্গালুরুবাসীর মনে। উল্লাস চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার জল অনেক দূর গড়িয়েছে। সেই কারণেই চিন্নাস্বামীতে হয়নি আইপিএলের ফাইনাল। কিন্তু এ বারও ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বারও কি তারা ট্রফি নিয়ে উল্লাস করবে? জানা গেল দলের অন্দরের খবর।

Advertisement

জানা গিয়েছে, এ বার আর ট্রফি নিয়ে উল্লাস করবেন না বিরাট কোহলিরা। তার একমাত্র কারণ বেঙ্গালুরুর আইনশৃঙ্খলা বজায় রাখা। বেঙ্গালুরুতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কর্নাটক সরকার ও আদালত। সেই নির্দেশিকা মেনে চলতে হবে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের শপথগ্রহণ অনুষ্ঠানও রয়েছে। লোক ভবনে হবে সেই অনুষ্ঠান। সেখানে প্রচুর মানুষের জমায়েত হতে পারে। লোক ভবন চিন্নাস্বামী স্টেডিয়ামের খুব কাছে। ফলে নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছে। একসঙ্গে দু’টি অনুষ্ঠান সম্ভব নয়। বেঙ্গালুরুর এক কর্তা জানিয়েছেন, বেশ কিছু নিয়ম রয়েছে। তা আমাদের মানতে হবে। তাই এ বার বিজয়োল্লাস হবে না।

বেঙ্গালুরুর পুলিশও সাধারণ মানুষের জন্য নির্দেশিকা জারি করেছে। শহরের পুলিশ কমিশনার সীমন্ত কুমার সিংহ বলেন, “আমরা কিছু নির্দেশিকা জারি করেছি। সমর্থকদের রাস্তায় নেমে উল্লাস করতে নিষেধ করা হয়েছে। তাতে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। কেউ চাইলে ঘরের ভিতরে বা কোনও জায়গা ভাড়া নিয়ে উল্লাস করতে পারেন। কিন্তু রাস্তায় তা করা যাবে না।”

তা ছাড়া চ্যাম্পিয়ন হওয়ার পরেই বেঙ্গালুরুর বেশির ভাগ বিদেশি খেলোয়াড় ভারত ছেড়েছেন। নিজেদের দেশের হয়ে খেলা রয়েছে তাঁদের। দেবদত্ত পড়িক্কলের মতো ভারতীয় ক্রিকেটার ভারতের টেস্ট দলে যোগ দেবেন। ফলে নিজেদের মধ্যেই উল্লাস করবেন ক্রিকেটারেরা। বড় করে বিজয়োল্লাস হবে না।

গত বার অহমদাবাদে আইপিএল জেতার পরেই কোহলি মাঠে জানিয়েছিলেন, পরের দিন বেঙ্গালুরুতে উল্লাস হবে। সেই মতো পরের দিন সকাল থেকেই বেঙ্গালুরুর রাস্তায় ভিড় জমেছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ। পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ৫০ জন। সেই ঘটনার পর দীর্ঘ দিন চিন্নাস্বামীতে খেলা হয়নি। এ বার সেখানে আইপিএলের ম্যাচ হবে কি না, তা নিয়েও সংশয় ছিল। অবশেষে চারটি ম্যাচ হয় সেখানে। উদ্বোধনী ম্যাচ হলেও কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। চিন্নাস্বামীতে ১১ জনের স্মৃতিতে ১১টি আসন সংরক্ষিত করা হয়েছে। এ বার যাতে আর গত বারের মতো কোনও ঘটনা না ঘটে তা নিশ্চিত করল প্রশাসন ও আইপিএল দল।

Advertisement
আরও পড়ুন