IPL 2026

একই ম্যাচে জোড়া শাস্তি, আম্পায়ারকে বল ফেরত না দেওয়ায় জরিমানা কোহলির সতীর্থের, পকেট খালি হচ্ছে হার্দিকেরও

রবিবার মুম্বইকে হারিয়েছে বেঙ্গালুরু। সেই ম্যাচে দুই ক্রিকেটার নিয়ম ভাঙায় শাস্তি পেলেন। তাঁরা হলেন বেঙ্গালুরুর টিম ডেভিড এবং মুম্বইয়ের হার্দিক পাণ্ড্য। কী অপরাধ করেছেন তাঁরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:২০
cricket

এই কাজের জন্যই শাস্তি পেলেন ডেভিড। ছবি: পিটিআই।

রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে জিতেছে বেঙ্গালুরু। সেই ম্যাচে দুই ক্রিকেটার নিয়ম ভাঙায় শাস্তি পেলেন। তাঁরা হলেন বেঙ্গালুরুর টিম ডেভিড এবং মুম্বইয়ের হার্দিক পাণ্ড্য। দু’জনে আলাদা আলাদা অপরাধ করেছেন।

Advertisement

ডেভিড আম্পায়ারের নির্দেশ অমান্য করেছেন। তাই তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আইপিএলের শৃঙ্খলাবিধির ২.৪ ধারা ভেঙেছেন। জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাঁর নামের পাশে। ডেভিড নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

হার্দিককে শাস্তি পেতে হয়েছে মন্থর ওভার রেটের কারণে। রবিবারের ম্যাচ একাধিক বার থেমেছে। ম্যাচের মাঝেই একাধিক ক্রিকেটারের পায়ের পেশিতে টান ধরায় চিকিৎসা চালাতে হয়েছে। তার পরেও মন্থর ওভার রেটের জন্য হার্দিকের ১২ লাখ টাকা জরিমানা হয়েছে। বেঙ্গালুরুর রজত পাটীদার অবশ্য কোনও শাস্তি পাননি। রবিবারের এই ম্যাচ চলেছে ৪ ঘণ্টা ২২ মিনিট, যা চলতি মরসুমে দীর্ঘতম।

মুম্বই ম্যাচে মাঠের দুই আম্পায়ার বীরেন্দ্র শর্মা এবং স্বরূপানন্দ কুমারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ডেভিড। ঘটনাটি ঘটে ১৮তম ওভারে। হার্দিকের একটি বলে বড় ছয় মেরেছিলেন ডেভিড। আম্পায়ারেরা বল বদলাতে বাধ্য হন। যে বল বেছে নেওয়া হয়েছিল সেটি হাতে নিয়ে হাসতে হাসতে লোফালুফি করতে থাকেন ডেভিড। আম্পায়ারদের নির্দেশের পরেও সেটি ফেরত দেননি তিনি। শেষ পর্যন্ত বীরেন্দ্রর কঠোর সতর্কবার্তার পর বল ফেরত দেন। এই ঘটনা কেউই ভাল ভাবে নেননি। ধারাভাষ্যকারেরা প্রকাশ্যে সমালোচনা করেছেন ডেভিডের আচরণের।

Advertisement
আরও পড়ুন