IPL 2026

টানা চার হার শ্রেয়সের পঞ্জাবের, অক্ষর-মিলারের ব্যাটে বেঁচে থাকল দিল্লির প্লেঅফে ওঠার আশা

প্রথম সাত ম্যাচ অপরাজিত থাকা পঞ্জাব কিংস টানা চারটি ম্যাচ হেরে গেল। প্রায় ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটালস গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট পেয়ে আইপিএলের প্লেঅফের আশা বাঁচিয়ে রাখল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ২৩:৩১
picture of cricket

অক্ষর পটেল। ছবি: পিটিআই।

আইপিএলে টানা চার ম্যাচ হারল পঞ্জাব কিংস। অক্ষর পটেলের দিল্লি ক্যাপিটালসের কাছেও হেরে গেলেন শ্রেয়স আয়ারেরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১০ রান করে পঞ্জাব। জবাবে দিল্লি করল ১৯ ওভারে ৭ উইকেটে ২১১ রান। গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে প্লেঅফের আশা জিইয়ে রাখলেন অক্ষরেরা। এই ম্যাচের পর পঞ্জাবের ১১ ম্যাচে ১৩ পয়েন্টই থাকল। দিল্লি ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এল। কেকেআর নেমে গেল আট নম্বরে।

Advertisement

টস জিতে পঞ্জাবকে ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ দেন অক্ষর। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি শ্রেয়সের দলের ব্যাটারেরা। আগ্রাসী মেজাজে শুরু করেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরণ সিংহ। ১৫ বলে ১৮ রান করে প্রভসিমরণ আউট হলেও ততক্ষণে ৬.৫ ওভারে ৭৮ রান তুলে ফেলে পঞ্জাব। প্রিয়াংশ করেন ৩৩ বলে ৫৬। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার এবং ৬টি ছক্কা। তিন নম্বরে নেমে ভাল ব্যাট করেন অধিনায়ক শ্রেয়সও। দলের ইনিংসের শেষ পর্যন্ত ২২ গজের এক প্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত ৫টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ব্যাট হাতে তাঁর সঙ্গে মানানসই ছিলেন কুপার কোনলিও। তিনি করেন ২৭ বলে ৩৮। শেষ দিকে সূর্যাংশ শেডগের ৮ বলে ২১ রানের অপরাজিত ইনিংস পঞ্জাবকে ২০০ পার করে দেয়।

দিল্লির বোলারদের মধ্যে সফলতম মাধব তিওয়ারি ৪০ রানে ২ উইকেট নেন। ৫৭ রানে ২ উইকেট মিচেল স্টার্কের। ৩১ রানে ১ উইকেট মুকেশ কুমারের। উইকেট পেলেন না আকিব নবি এবং লুঙ্গি এনগিডি।

জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় দিল্লি। দুই ওপেনার লোকেশ রাহুল (৯) এবং অভিষেক পোড়েল (৫) দ্রুত আউট হয়ে যান। দলকে ভরসা দিতে পারেননি সালিহ পরখ (১৩) এবং ট্রিস্টান স্টাবসও (১২)। কিছুটা চেষ্টা করলেন অক্ষর। তাঁর সঙ্গে লড়াই করলেন ডেভিড মিলারও। তাঁদের জুটি দিল্লির ইনিংসকে খানিকটা থিতু করে। ৩০ বলে ৫৬ রান করে আউট হন অক্ষর। ৮টি চার এবং ২টি ছয় মেরে এ বারের আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান করলেন। মিলারের ব্যাট থেকে এল ২৮ বলে ৫১ রান। মারলেন ৩টি চার এবং ৪টি ছয়। অক্ষর এবং মিলারই চাপের মুখ থেকে দিল্লিকে লড়াইয়ে ফেরান। শেষ দিকে চেষ্টা করলেন আশুতোষ শর্মা এবং মাধবও। আশুতোষ ১০ বলে ২৪ রান করে আউট হলেন ১৯তম ওভারে। তাতে অবশ্য সমস্যা হয়নি। নবি ২ বলে ১০ রান করে দিল্লিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় এনে দেন। মাধব অপরাজিত থাকেন ৮ বলে ১৮ রান করে।

পঞ্জাবের সফলতম বোলার অর্শদীপ সিংহ ২১ রানে ২ উইকেট নিয়েছেন। ৫৫ রানে ২ উইকেট যশ ঠাকুরের। ৪৪ রানে ১ উইকেট স্টোইনিসের। ৫১ রানে ১ উইকেট বেন ডারউইশের।

Advertisement
আরও পড়ুন