India vs Afghanistan

৫০তম টেস্টের আগে গম্ভীর-পরামর্শ পেলেন পন্থ, ঋষভের থেকে কী চাইছে দল, স্পষ্ট করে দিলেন ভারতের কোচ

আইপিএলটা ভাল যায়নি তাঁর। লখনউয়ের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তবে প্রিয় লাল বলের ক্রিকেটে আবার দেখা যাবে ঋষভ পন্থকে। তার আগে কোচ গৌতম গম্ভীরের পরামর্শ পেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২১:১১
cricket

ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

আইপিএলটা ভাল যায়নি তাঁর। লখনউয়ের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তবে প্রিয় লাল বলের ক্রিকেটে আবার দেখা যাবে ঋষভ পন্থকে। তার আগে কোচ গৌতম গম্ভীরের পরামর্শ পেলেন তিনি। দেশের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামার আগে পন্থ অনেক পরিণত, শান্ত দেখিয়েছে অনুশীলনে। তাঁর প্রশংসা করেছেন সহকারি কোচ রায়ান টেন দুশখাতেও।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্ট অবিবেচকের মতো শট খেলার কারণে সমালোচিত হয়েছিলেন পন্থ। তাঁর বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে যে, পরিস্থিতির কথা মাথায় রেখে খেলেন না। তবে গম্ভীর স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, দায়িত্বজ্ঞানহীন শট খেলার দিন শেষ। দলের পরিস্থিতি অনুযায়ীই এ বার থেকে খেলতে হবে পন্থকে। অনুশীলনে পন্থকে সেটাই করতে দেখা গিয়েছে।

আগে স্পিনারদের বলে আগ্রাসী খেলতেন তিনি। এ দিন সামনের পায়ে এগিয়ে এসে রক্ষণে জোর দিয়েছেন। পরিণত শট খেলেছেন। কোনও ধরনের ঝুঁকিপূর্ণ শট পন্থকে খেলতে দেখা যায়নি। গোটা সময়টাই পন্থের উপরে তীক্ষ্ণ নজর রেখেছিলেন গম্ভীর।

পরে দুশখাতে বলেন, “জুনিয়রদের কাছে আদর্শ এবং সিনিয়র ক্রিকেটার হিসাবে তুলে ধরার ব্যাপারে দায়বদ্ধ পন্থ। গত কাল ওকে এবং গৌতিকে কথা বলতে দেখেছিলাম। ‘কী ভাবে সিনিয়র ক্রিকেটার হিসাবে নিজেকে তুলে ধরবে’, এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কী ভাবে সিনিয়র ক্রিকেটারের খেলা উচিত, তা বুঝিয়ে দিয়েছে গম্ভীর।”

সম্প্রতি টেস্ট দলের সহ-অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে পন্থকে। তবে দুশখাতে মনে করেন, “দলে নেতা হতে গেলে কোনও খেতাবের দরকার নেই পন্থের। মনে হয় ও সেটা জানে।”

দুশখাতে চান না পন্থ তাঁর স্বাভাবিক আগ্রাসী খেলা থেকে সরে আসুন। তবে ম্যাচের পরিস্থিতির কথাও মাথায় রাখতে বলেছেন তিনি। তাঁর কথায়, “ঋষভের প্রতিভার কথা মাথায় রেখে বলছি, ও যা যা করে সেটা পুরোপুরি বর্জন করার দরকার নেই। তবে ম্যাচের পরিস্থিতির সঙ্গে একটু মানিয়ে নিয়ে খেলতে পারলেই সাফল্য পাবে।”

Advertisement
আরও পড়ুন