IPL 2026

২৭ কোটির পন্থকে নিয়ে মোহভঙ্গ, নেতৃত্ব বদলের ইঙ্গিত, সাফল্যের খোঁজে দলের খোলনলচে পাল্টে ফেলতে পারে লখনউ

গত মরসুমেও ঋষভ পন্থের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টসের ফল ভাল হয়নি। পয়েন্ট তালিকায় সাত নম্বরে শেষ করেছিলেন পন্থেরা। টানা ব্যর্থতায় অধিনায়ক বদলের ইঙ্গিত দিয়েছেন টম মুডি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৭:২৯
picture of cricket

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব হারাতে পারেন ঋষভ পন্থ। তাঁকে নিয়ে মোহভঙ্গ হয়েছে লখনউ কর্তৃপক্ষের। পন্থকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন লখনউয়ের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি। তিনি জানিয়েছেন, পন্থ প্রত্যাশা পূরণে ব্যর্থ।

Advertisement

এ বারের আইপিএলে সকলের শেষে শেষ করেছে লখনউ। ১৪টি ম্যাচের মধ্যে ৪টি জিতেছে। হেরেছে ১০টি। ক্রিকেটার পন্থও সাফল্য পাননি। স্বাভাবিক ভাবেই হতাশ লখনউয়ের কর্তারা। শনিবার পঞ্জাব কিংস ম্যাচে হারের পর মুডি বলেছেন, ‘‘নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে দেখলে পন্থকে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। ফলাফলের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাচ্ছে। নেতৃত্বের চাপ পন্থের ব্যাটিংয়েও প্রভাব ফেলেছে। এটা ঠিক এই মরসুমটা আমাদের জন্য কঠিন ছিল। তা-ও সময় নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে। আমাদের সব কিছুই খতিয়ে দেখতে হবে।’’

মুডি মেনে নিয়েছেন দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। সার্বিক ব্যর্থতার কথা বলেছেন তিনি। মুডির বক্তব্য, ‘‘আমরা প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে পারিনি। আরও ভাল খেলা উচিত ছিল আমাদের। বলা ভাল, প্রত্যাশার ধারে কাছেও পৌঁছোতে পারিনি আমরা। নেতৃত্বেও সমস্যা হয়েছে। আমাদের এই বিষয়টা ভীষণ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করতে হবে। ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। পরিকল্পনা তৈরি করতে হবে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে। দলের প্রতিটি বিভাগ নিয়ে পর্যালোচনা দরকার। আমাদের সবকিছু নতুন করে গোছাতে হবে।’’

গত মরসুমের আগে নিলামে পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছেন সঞ্জীব গোয়েন্‌কারা। গত মরসুমেও পন্থের নেতৃত্বে লখনউয়ের ফল ভাল হয়নি। পয়েন্ট তালিকায় সাত নম্বরে শেষ করেছিলেন পন্থেরা। টানা দু’মরসুম ব্যর্থ হওয়ার তাঁর নেতৃত্ব কেড়ে নেওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন