IPL 2026

আইপিএলে আরও এক নজির ১৫ বছরের বৈভবের, রাসেলকে টপকে গেল রাজস্থানের ক্রিকেটার

আইপিএলে একের পর এক নজির ভেঙে চলেছে বৈভব সূর্যবংশী। মঙ্গলবার পঞ্জাবের বিরুদ্ধে ঝোড়ো ইনিংসে আরও একটি নজির গড়েছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৩:০২
cricket

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

বয়স মাত্র ১৫। কিন্তু এর মধ্যেই আইপিএলে একের পর এক নজির ভেঙে চলেছে বৈভব সূর্যবংশী। মঙ্গলবার পঞ্জাবের বিরুদ্ধে ঝোড়ো ইনিংসে আরও একটি নজির গড়েছে সে। ভেঙে দিয়েছে আন্দ্রে রাসেলের নজির।

Advertisement

আইপিএলের একটি মরসুমে দ্রুততম ব্যাটার হিসাবে ৪০০ রান করার নজির এত দিন ছিল কেকেআরের রাসেলের। সেই রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। রাসেল ২০১৯-এ ১৮৮ বলে ৪০০ রান করেছিলেন। বৈভব ১৬৭ বলেই সেই কাজ করে দেখিয়েছে। অর্থাৎ রাসেলের থেকে ২১টি বল কম খেলেছে সে। যে গতিতে এগোচ্ছে, তাতে দ্রুততম হিসাবে ৫০০ রানের নজিরও ভেঙে দিতে পারে সে।

পঞ্জাবের বিরুদ্ধে ১৬ বলে ৪৩ করেছে বৈভব। শুরু থেকেই খেলেছে আগ্রাসী মনোভাব নিয়ে। ইচ্ছামতো চার-ছয় হাঁকিয়েছে। অর্শদীপ সিংহকে প্রথম ওভারেই একটি ছয় এবং দু’টি চার মারে বৈভব। এর পর লকি ফার্গুসনকে একটি চার এবং দু’টি ছয় মারে। রেহাই পাননি মার্কো জানসেনও। তাঁকেও ছয় মেরেছে বৈভব। তার ইনিংসে রয়েছে তিনটি চার এবং পাঁচটি ছয়।

আগের ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেছিল রাজস্থান। সেই ম্যাচে শতরান করলেও হারের জন্য নিজেকেই দায়ী করেছিল বৈভব। সে বলেছিল, “আজ ভাল খেলেছি। কিন্তু ওই শটটা খেলা একেবারেই উচিত হয়নি। যে শটে আউট হয়েছি ওটা আমার স্বাভাবিক শটই নয়। আমি চেয়েছিলাম বাড়তি কিছু করতে। সেটার জন্য হয়তো ২০ রান কম হয়েছে আমাদের। আমি ক্রিজ়ে থাকলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।”

Advertisement
আরও পড়ুন