ICC U19 World Cup 2026

ছোটদের বিশ্বকাপে ভারত-পাক ম‍্যাচে বিতর্ক, খেলা চলাকালীন নিয়ম ভেঙে সাজঘরে মোবাইল ব্যবহার সরফরাজ়ের!

ছোটদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্কে জড়ালেন সরফরাজ় আহমেদ। ম্যাচ চলাকালীন আইসিসির নিয়ম ভেঙে সাজঘরে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে পাক দলের মেন্টরকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০
picture of cricket

সরফরাজ় আহমেদ। —ফাইল চিত্র।

ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। সুপার সিক্সের শেষ ম্যাচে হারতে হয়েছে ভারতের কাছেও। এর মধ্যেই বিতর্কে জড়িয়েছেন অনূর্ধ্ব-১৯ পাকিস্তান দলের মেন্টর সরফরাজ় আহমেদ। ভারত-পাকিস্তান ম্যাচের সময় সাজঘরে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। যা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী নিষিদ্ধ।

Advertisement

ভারত-পাক ম্যাচ চলার সময়ই সাজঘরে সরফরাজ়ের মোবাইল ব্যবহারের ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ গড়াপেটা রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে সাজঘরের ভিতরে যোগাযোগের যে কোনও ধরনের ‘ডিভাইস’ ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ। নিয়মের ৪.১.১ ধারায় বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সাজঘরে কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। ৪.১.২ ধারায় বলা হয়েছে সাজঘরের মধ্যে ল্যাপটপ বা অন্য কোনও যোগাযোগের ডিভাইস নিয়ে যাওয়া বা ব্যবহার করা যাবে না। ৪.১.৩ ধারা অনুযায়ী সাজঘরে ‘ল্যান্ডলাইন’ ফোনও রাখা যায় না। এই নিয়মগুলি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য প্রযোজ্য।

আইসিসির দুর্নীতি দমন শাখার অনুমতি নিয়ে দলের ম্যানেজার, মিডিয়া ম্যানেজার এবং নিরাপত্তা আধিকারিক ফোন সঙ্গে রাখতে পারেন। কোন কোন ক্ষেত্রে তাঁরা মোবাইল ব্যবহার করতে পারবেন তা-ও নির্দিষ্ট।

সরফরাজ় পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর। তিনি ম্যানেজার, মিডিয়া ম্যানেজার বা নিরাপত্তা আধিকারিক নন। তা-ও তিনি খেলা চলাকালীন সাজঘরে মোবাইল ব্যবহার করে বিতর্কের কেন্দ্রে। আইসিসি এই ঘটনার তদন্ত করতে পারে। তিনি দোষী প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করতে পারে আইসিসি। শাস্তি পেতে হতে পারে পাকিস্তান দলকেও।

Advertisement
আরও পড়ুন