বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায় অভিনেতা অনুপম খের। কলকাতায়
চুলোচুলি হল না! কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আর অভিনেতা অনুপম খেরের সাক্ষাৎ-পর্বে আলোচনায় রইল অভিনেতার চুলহীন মাথা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরে শমীকের সঙ্গে দেখা করেছেন অনুপম। সেখানেই শমীককে হাসতে হাসতে অনুপম বলছেন, ‘আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ফিরবে না। কথাটা আমার খুব ভাল লেগেছে।’ এই শুনে শমীকের বলেছেন, ‘তখন ভোটের সময়। মানুষের কাছে এমন কিছু বলতে হয়, যা সহজবোধ্য। একঘেয়ে রাজনৈতিক কথা শুনতে মানুষ বিরক্ত হন। তখন মজার কথা বললে, তাঁরা আনন্দ পান। আপনাকে রাজ্য-সহ গোটা দেশের সবাই চেনেন।’ অনুপম তখন হাত জোড় করে শমীককে বলেন, ‘এমন প্রার্থনা করবেন না, যাতে আমার মাথায় ফের চুল গজায়!’ শমীক হাসতে হাসতে তাঁর অতীত-মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘আমি বলতে চেয়েছিলাম, আকাশ মাটিতে নামতে পারে, মাটি আকাশে উঠতে পারে, রাইটার্স বিল্ডিংয়ে গঙ্গার জল ঢুকতে পারে, অনুমপ খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু চতুর্থ বার তৃণমূল ক্ষমতায় আসবে না।’