Mohammed Siraj

সিরাজের ফিটনেসের রহস্য ফাঁস করলেন আজহার, নেপথ্যে দুই মোগলাই খাবার!

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে সিরাজের মধ্যে যে সাফল্যের খিদে আর দেশের হয়ে পারফর্ম করার উন্মাদনা দেখা গিয়েছে, আজহারের মতে তার আসল কারণ দুটো মোগলাই খাবার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:৪৪
Mohammed Siraj

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র

সোমবার ডেভিড গাওয়ার জানতে চেয়েছিলেন, মহম্মদ সিরাজ কী খান? ভারতের এই জোরে বোলারের ফিটনেসের রহস্য কী? পর দিনই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারকে তার জবাব দিলেন মহম্মদ আজহারউদ্দিন।

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক জানালেন, সিরাজের ফিটনেসের কারণ নাল্লি গোস্ত বিরিয়ানি আর পায়া। সিরাজের মতো আজহারও হায়দরাবাদি। সেই অভিজ্ঞতা থেকে আজহার বলেছেন, ‘‘সিরাজ দুরন্ত খেলেছে। আর এর জন্য নাল্লি গোস্ত বিরিয়ানি আর পায়াকে ধন্যবাদ। এর জন্যই ওর শরীর মজবুত হয়েছে। বিশেষ করে পা অনেক শক্তপোক্ত হয়েছে। মাঠে উদ্যম আর শক্তি দেখিয়েছে।’’ গোটা সিরিজ়ে সিরাজের মধ্যে যে সাফল্যের খিদে আর দেশের হয়ে পারফর্ম করার উন্মাদনা দেখা গিয়েছে, আজহারের মতে তার আসল কারণ এই দুটো মোগলাই খাবার।

ওভাল টেস্টের শেষ দিনে সিরাজের ম্যাচ-জেতানো বোলিংকে উদাহরণ হিসাবে তুলে ধরে আজহার বলেছেন, ‘‘ওভালের ওই বোলিং অনবদ্য। বুমরাহ না থাকায় ও দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। ইংল্যান্ডের ব্যাটারদের ও বারবার বেকায়দায় ফেলছিল। ভারতীয় খেলার মানচিত্রে সিরাজ নতুন তারকা!’’

সোমবার গাওয়ার বলেছিলেন, ‘‘আমি জানতে চাই সিরাজ ফিটনেস ধরে রাখার জন্য কী করে। কী খায় ও? বিশেষ কোনও পানীয় ব্যবহার করে কি? জানতে পারলে সব কিছু আমি ইংল্যান্ডের বোলারদের দেব। আমাকে সবচেয়ে অবাক করেছে, পাঁচটা টেস্ট একই ভাবে খেলল! ওভালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩০ ওভারের বেশি বল করেছে। সে সময় জোরে বোলারদের অনুকূল ছিল পরিস্থিতি। তবু ৩০ ওভারের বেশি বোলিং। অথচ এক বারও হাল ছেড়ে দেয়নি। এক বারও থামার কথা ভাবেনি। একটুও ক্লান্ত দেখায়নি।’’

Advertisement
আরও পড়ুন