ICC T20 World Cup 2026

সূর্যদের চাপে ফেলার খেলা শুরু দক্ষিণ আফ্রিকার, শূন্যের হ্যাটট্রিক করা অভিষেককে নাম না করে খোঁচা প্রোটিয়া কোচ কনরাডের

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার চাপ রয়েছে সূর্যকুমার যাদবদের। টানা তিন ম্যাচে শূন্য করায় চাপে রয়েছেন অভিষেক শর্মাও। এই চাপকেই রবিবার কাজে লাগাতে চাইছে দক্ষিণ আফ্রিকা শিবির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৪
picture of cricket

ভারতীয় দলের অনুশীলন। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে রবিবার ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপ ফাইনালের রিপ্লে দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। গত বারের চ্যাম্পিয়ন ভারতকে রবিবার কঠিন পরীক্ষার সামনে ফেলতে তৈরি রানার্স দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া কোচ শুকরি কনরাড খোঁচা দিয়েছেন অভিষেক শর্মার শূন্যের হ্যাটট্রিক নিয়ে।

Advertisement

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের চাপ নিয়ে সাংবাদিকদের কনরাড বলেছেন, ‘‘বড় প্রতিযোগিতায় চাপ তো থাকবেই। আমরাও চাপে আছি। ওরাও চাপে থাকবে। বড় দলের বিরুদ্ধে খেলার চাপ থাকেই। তবে আমরা ঠিক কতটা চাপে থাকি, এটা বলা সম্ভব নয়। নিজেরা সবটা হয়তো বুঝতেও পারি না। এটা বলতে চাইছি না, যে ব্যাটার শেষ তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছে, সেও প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে চাপে থাকবে।’’

দলের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন কনরাড। একই সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইও শুরু করে দিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ বলেছেন, ‘‘আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি। ভারতের প্রত্যেক ক্রিকেটারের শক্তি-দুর্বলতা বুঝে পরিকল্পনা তৈরি করছি। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এমন প্রস্তুতিই প্রয়োজন। এ বার কিন্তু ভারতীয় দল বেশ চাপে থাকবে। সেমিফাইনালে ওঠার কথা ছেড়েই দিন, ফাইনালে তো ওদের উঠতেই হবে। ট্রফি জেতার চাপও সামলাতে হবে ওদের। আমরা সেটা কাজে লাগিয়ে মাঠে ওদের বিপাকে ফেলার চেষ্টা করব। আরও চাপে ফেলে ভুল করানোর চেষ্টা করব।’’

রবিবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত দু’দলই। গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচ বাদ দিলে ভারতীয় শিবির এখনও পর্যন্ত কোনও বড় দলের সামনে পড়েনি। এই সুযোগটাই নিতে চাইছে দক্ষিণ আফ্রিকা শিবির। কনরাডের দাবি, ২২ গজের চ্যালেঞ্জের পাশাপাশি লক্ষাধিক দর্শকের প্রত্যাশার চাপও সামলাতে হবে সূর্যদের।

Advertisement
আরও পড়ুন