ICC T20 World Cup 2026

চেন্নাইয়ের মাঠে শিশিরের মোকাবিলায় নতুন অস্ত্র ভারতের! আমেরিকা থেকে আনা রাসায়নিক ছড়ানো হবে মাঠে

চেন্নাইয়ের মাঠে ভারতকে শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে নয়, লড়তে হতে পারে শিশিরের বিরুদ্ধেও। তবে বিশেষ চিন্তা করতে হবে না। সৌজন্যে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার একটি উদ্যোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৯
cricket

চেন্নাইয়ের মাঠের পিচ পরীক্ষা সিকান্দার রাজ়ার। ছবি: পিটিআই।

চেন্নাইয়ের মাঠে ভারতকে শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে নয়, লড়তে হতে পারে শিশিরের বিরুদ্ধেও। সমুদ্রের ধারে মাঠ হওয়ায় সন্ধ্যার ম্যাচে শিশির পড়েই। তবে সুপার এইটের ম্যাচে ভারতকে বিশেষ চিন্তা করতে হবে না। সৌজন্যে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার একটি উদ্যোগ। আমেরিকা থেকে একটি বিশেষ রাসায়নিক আনা হয়েছে, যা মাঠে ছড়িয়ে দিলে শিশিরের প্রকোপ কমানো যাবে।

Advertisement

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই রাসায়নিকের নাম ‘ডিউ কিয়োর’। বিশ্বকাপের আগে নতুন করে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামের ঘাস পাতা হয়েছে। শিশিরের প্রভাব কমানোর জন্য এই রাসায়নিক আনা হয়েছে, যা আমেরিকার মেজর লিগ বেসবলের ম্যাচে ব্যবহার করা হয়। মঙ্গলবার এবং বুধবার মাঠ প্রস্তুতির সময় কর্মীরা জলের সঙ্গে ওই রাসায়নিক মাঠে ছিটিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরেও সে কাজ করা হবে, যাতে ম্যাচের সময়ে তার প্রভাব থাকে।

কী কাজ এই রাসায়নিকের? এক সূত্র বলেছেন, “রাসায়নিক মাঠে ছেটানো হলে ঘাসে কোনও রকম আর্দ্রতা থাকে না। ঘাস ভিজে গেলেই তা শুষে নেবে ওই রাসায়নিক। ফলে ঘাস থাকবে শুকনো।” বুধবার ভারতের লম্বা অনুশীলনের পর কোচিং স্টাফেরা মাঠে থেকে লক্ষ করেন যে শিশির পড়ছে কি না। যে রাসায়নিক দেওয়া হয়েছে, তা নিয়ে সন্তুষ্ট দল।

জানা গিয়েছে, ভবিষ্যতে সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচে রাসায়নিক ব্যবহার করা হবে। পরের মাস থেকে শুরু আইপিএল। বোর্ডের অন্দরে ভাবনাচিন্তা চলছে যাতে সব মাঠে বাধ্যতামূলক ভাবে ওই রাসায়নিক ব্যবহার করা যায়। কারণ শিশির বেশির ভাগ মাঠেই ফলাফল নির্ধারণ করে দেয়।

Advertisement
আরও পড়ুন