IPL 2026

কম টাকাতেও পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে বিদেশি ক্রিকেটার! শুধু অর্থ নয়, পাকিস্তান ছেড়ে ভারতে আসার নেপথ্যে তিন কারণ

পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইতিমধ্যেই ভারতে আইপিএল খেলতে এসেছে তিন বিদেশি ক্রিকেটার। শুধু অর্থ নয়, ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৩:২০
cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

কেন সুযোগ পেলেই পাকিস্তান থেকে ভারতে খেলতে আসছেন বিদেশি ক্রিকেটারেরা? নেপথ্যে কি শুধু অর্থ? পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইতিমধ্যেই ভারতে আইপিএল খেলতে এসেছেন তিন বিদেশি ক্রিকেটার। তাঁদের মধ্যে এক জন কম টাকাতেও খেলতে এসেছেন। অর্থাৎ, শুধু অর্থ নয়, ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে।

Advertisement

পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে খেলতে এসেছেন ব্লেসিং মুজ়ারাবানি, দাসুন শনকা ও স্পেনসার জনসন। মুজ়রাবানি পিএসএলে পেতেন ৩৬ লক্ষ টাকা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে তিনি পাচ্ছেন ৭৫ লক্ষ টাকা। শনকা পাকিস্তানের লিগে ২২ লক্ষ টাকা বেতন পেতেন। রাজস্থান রয়্যালসে তিনি যোগ দিয়েছেন ২ কোটি টাকায়। অর্থাৎ, দুই ক্রিকেটারই বেশি টাকা নিয়ে ভারতে খেলতে এসেছেন।

ব্যতিক্রম জনসন। পিএসএলে তিনি পেতেন ১ কোটি ৮৭ লক্ষ টাকা। চেন্নাই সুপার কিংস তাঁকে দিচ্ছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ, ৩৭ লক্ষ কম টাকা নিয়েও ভারতে এসেছেন জনসন। কিন্তু কেন?

১) খেলার পরিবেশ

পাকিস্তানের তুলনায় ভারতে খেলার পরিবেশ অনেক ভাল। এখানকার মাঠ, পরিকাঠামো, থাকা-খাওয়া, অনুশীলন, সব কিছুই পাকিস্তানের থেকে ভাল। প্রতি ম্যাচে দর্শকেরা মাঠ ভরান। গোটা ভারত জুড়ে খেলার সুযোগ পান ক্রিকেটারেরা। সেই পরিবেশ পাকিস্তানে নেই।

২) সাজঘরে তারকার সমারোহ

আইপিএলের প্রতিটি দলেই বিশ্বের সেরা ক্রিকেটারেরা খেলেন। তালিকায় যেমন ভারতীয় তারকারা রয়েছেন, তেমনই বিদেশ থেকে আসা সেরারা রয়েছেন। সাজঘরে তাঁদের থেকে অনেক কিছু শেখা যায়। সেখানে পিএসএলে সাধারণত টি-টোয়েন্টিতে ব্রাত্য ক্রিকেটারদের খেলতে দেখা যায়। ফলে আইপিএলের আকর্ষণ বেশি।

৩) বর্তমান যুদ্ধ পরিস্থিতি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে পাকিস্তানে জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে। ফলে ছয় শহরের বদলে মাত্র দুই শহরে হবে প্রতিযোগিতা। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। পাশাপাশি এক জঙ্গি সংগঠন বিদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছে, তাঁরা যেন খেলতে না যান। এই পরিস্থিতিতে পাকিস্তানে খেলায় ঝুঁকি রয়েছে। ফলে কম টাকাতেও ভারতে চলে আসছেন বিদেশিরা। নিশ্চিন্তে ক্রিকেট খেলতে চাইছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন