IPL 2026

রানে ফিরলেও বিতর্কে অভিষেক, ইডেন ম্যাচে গালি দেওয়ার জন্য শাস্তি হল হায়দরাবাদের ব্যাটারের, কাকে কী বলেছেন, জানা গেল কি?

আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রান পাননি অভিষেক শর্মা। কেকেআরের বিরুদ্ধে ৪৮ রানের আগ্রাসী ইনিংস খেলেও বিতর্কে জড়ালেন তিনি। শাস্তি পেতে হল হায়দরাবাদের ব্যাটারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১০:৫৬
picture of cricket

অভিষেক শর্মা। ছবি: পিটিআই।

শাস্তি পেলেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের ওপেনারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে অপকর্মের মাসুল দিতে হয়েছে অভিষেককে।

Advertisement

আইপিএলের প্রথম ম্যাচে রান পাননি অভিষেক। কেকেআরের বিরুদ্ধে ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলেও বিতর্কে জড়ালেন। আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে অভিষেককে। তাঁর বিরুদ্ধে গালি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি কার উদ্দেশে গালি দিয়েছেন, তা নিশ্চিত নয়। তবে তাঁর কথা শোনা গিয়েছে স্টাম্প মাইক্রোফোনে।

আইপিএলে আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী, যে কোনও ভাষায় এমন কোনও শব্দ ব্যবহার করা যায় না, যেগুলি আপত্তিকর, অশ্লীল, অপমানসূচক হিসাবে পরিচিত। স্টাম্প মাইক্রোফোনের মাধ্যমে বা অন্য কোনও ভাবে এমন কোনও শব্দ দর্শকেরা শুনতে পেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে অপরাধী হিসাবে বিবেচনা করা হয়। শুধু কাউকে উদ্দেশ্য করে ব্যবহৃত খারাপ শব্দই নয়, কেউ নিজের উপর রাগ বা হতাশা থেকে এমন ধরনের কোনও শব্দ ব্যবহার করলেও তা শাস্তি যোগ্য। বৃহস্পতিবারের ম্যাচে অভিষেকের মুখ থেকে এমনই একটি শব্দ ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। তাই তাঁকে শাস্তি পেতে হয়েছে।

শাস্তি দেওয়ার পাশাপাশি অভিষেককে সতর্ক করে দিয়েছেন কলকাতা-হায়দরাবাদ ম্যাচের ম্যাচ রেফারি শক্তি সিংহ। তাঁর বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ প্রমাণিত। আবার এমন কিছু করলে কড়া শাস্তি হতে পারে হায়দরাবাদের ওপেনিং ব্যাটারের।

Advertisement
আরও পড়ুন