ঋষভ পন্থ। ছবি: পিটিআই।
শাস্তি পেতে পারেন আবেশ খান। লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠছে, ক্রিকেটের নিয়ম ভেঙেছেন তিনি। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডে অভিযোগ করতে পারেন সানরাইজ়ার্স হায়দরাবাদ। তিন ম্যাচে তিনটি সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তাদের। সব মিলিয়ে আইপিএলে শুরু হয়েছে এক নতুন বিতর্ক।
শেষ ওভারে জয়ের জন্য লখনউয়ের দরকার ছিল ৯ রান। পন্থ দু’টি বাউন্ডারি মেরে কাজ সহজ করে দেন। পঞ্চম বলটি মিড অফের উপর দিয়ে মারেন তিনি। সেখানে কোনও ফিল্ডার ছিল না। কিন্তু বল বাউন্ডারি পার হওয়ার আগেই বাউন্ডারির বাইরে থাকা আবেশ ব্যাটের আঘাত বলটি আবার ভিতরে পাঠিয়ে দেন। যদিও আম্পায়ারেরা সেটি চার হিসাবেই ধরেন। ম্যাচ জিতে যায় লখনউ।
আবেশের বিরুদ্ধে ক্রিকেটের আইনের ২০.১ ও ৪১ ধারা ভঙ্গ করার অভিযোগ উঠেছে। ২০.১ ধারা অনুযায়ী, বল ডেড হওয়ার আগে তাতে দু’বার ব্যাট দিয়ে আঘাত করা যায় না। সেটাই করেছেন আবেশ। ৪১ ধারা অনুযায়ী, খেলা চলাকালীন জলপানের বিরতি, স্ট্র্যাটেজিক টাইম আউট বা ব্যাটারের কোনও অনুরোধ ছাড়া ব্যাটিং দলের কেউ মাঠে ঢুকতে পারেন না। আবেশ যখন বল মেরেছেন, তখনও সেটি বাউন্ডারি পার হয়নি।
যদি বোর্ড মনে করে, তা হলে আবেশকে শাস্তি দেওয়া হতে পারে। কারণ, এই ধরনের ঘটনা ক্রিকেটের পক্ষে ভাল বিজ্ঞাপন নয়। খেলার মাঠে উত্তেজনার বশে কিছু কাণ্ড ঘটিয়ে ফেলেন ক্রিকেটারেরা। কিন্তু এ ক্ষেত্রে আবেশ তো মাঠের বাইরে ছিলেন। খেলার মধ্যে তাঁর নাক গলানোর প্রয়োজন ছিল না। সেটাই করেছেন তিনি। জরিমানা হতে পারে আবেশের। নির্বাসিতও হতে পারেন তিনি।
‘ক্রিকবাজ়’ জানিয়েছে, বিসিসিআইয়ে অভিযোগ করতে পারে হায়দরাবাদ। তিন ম্যাচে তিন সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় হাইনরিখ ক্লাসেনের বল বাউন্ডারিতে ধরেছিলেন ফিল সল্ট। হায়দরাবাদের অভিযোগ, সল্টের শরীর বাউন্ডারি ছুঁয়েছিল। পরের ম্যাচে অভিষেক শর্মার শট মাটিতে পড়ার আগে তা ধরে ফেলেন কেকেআরের বরুণ চক্রবর্তী। বরুণ ধরার আগে বল মাটি ছুঁয়েছিল বলে মনে করে হায়দরাবাদ। আর তৃতীয় ম্যাচে আবেশের এই কাণ্ডে ক্ষুব্ধ তারা।
হায়দরাবাদের সমর্থকদের একটা অংশের দাবি, আবেশের এই ঘটনার জন্য হায়দরাবাদকে পেনাল্টি রান দেওয়া উচিত ছিল। তা হলে খেলা তারা জিতত। কিন্তু আম্পায়ারেরা পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ তাঁদের। যদিও এই ঘটনা নিয়ে এখনও হায়দরাবাদ বা লখনউ কোনও মন্তব্য করেনি। এখন দেখার এই ঘটনার জল কত দূর গড়ায়।