IPL 2026

আইপিএলের আগে মাঠের বাইরে লড়াই চেন্নাই-হায়দরাবাদের, ব্যাট-বল নয়, ‘যুদ্ধ’ লাগল রজনীকান্তকে নিয়ে!

আইপিএল শুরু হতে এখনও দু’সপ্তাহ বাকি। তার আগেই উত্তপ্ত চেন্নাই। মাঠের বাইরের একটি বিষয় নিয়ে লড়াই লেগে গেল হায়দরাবাদ এবং চেন্নাইয়ের। মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে মাদ্রাজ় হাইকোর্টে অভিযোগ জানাল হায়দরাবাদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৯:৫৭
cricket

(বাঁ দিক থেকে) মহেন্দ্র সিংহ ধোনি, রজনীকান্ত এবং অভিষেক শর্মা। — ফাইল চিত্র।

আইপিএল শুরু হতে এখনও দু’সপ্তাহ বাকি। তার আগেই উত্তপ্ত হতে শুরু করেছে চেন্নাই। মাঠের বাইরের একটি বিষয় নিয়ে লড়াই লেগে গেল হায়দরাবাদ এবং চেন্নাইয়ের। মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে মাদ্রাজ় হাইকোর্টে অভিযোগ জানাল হায়দরাবাদ। তাঁদের ব্যবহার করা গান অন্যায় ভাবে চেন্নাই ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement

হায়দরাবাদের মালিক সান টিভি নেটওয়ার্ক লিমিটেড। তাদের অভিযোগ, রজনীকান্ত অভিনীত জেলার, জেলার ২ এবং কুলি সিনেমার গানের অংশ নিজেদের প্রচারমূলক কাজে ব্যবহার করেছে চেন্নাই। সান টিভির দাবি, এই তিনটি সিনেমার গান-সহ বিভিন্ন স্বত্বের অধিকার শুধু তাদেরই রয়েছে। সুরকার অনিরুদ্ধ রবিচন্দরও সেই অনুমতি লিখিত ভাবে তাদের দিয়ে রেখেছেন। ফলে চেন্নাই অনুমতি ছাড়া কখনওই সেই গান বা সিনেমার কোনও অংশ ব্যবহার করতে পারে না। এতে স্বত্বের নিয়ম লঙ্ঘন করা হয়।

গত ১ মার্চ নতুন জার্সির উন্মোচনে কিছু গান এবং আবহসঙ্গীত ব্যবহার করেছিল চেন্নাই। রজনীকান্তের সিনেমার কিছু সংলাপও ব্যবহার করা হয়েছিল। তা ‘ভাইরাল’ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ভিডিয়ো সরিয়ে নেওয়া হয়। পরে ‘আপলোড’ করা হয় নতুন গান এবং আবহসঙ্গীত দিয়ে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। কারণ চেন্নাই সাধারণত তামিল গানই ব্যবহার করে থাকে। শুক্রবার হায়দরাবাদের মামলার বিষয়টি প্রকাশ্যে আসতে গোটা ব্যাপারটা বোঝা গিয়েছে।

বিষয়টি মিটে গিয়েছে আদালতে। চেন্নাই দলের আইনজীবী পিএস রমন জানিয়েছেন, তাঁরা গান এবং সংলাপ ব্যবহার করা বন্ধ করেছেন। ভবিষ্যতে প্রয়োজনীয় অনুমতি নিয়েই ওই গান এবং সংলাপ ব্যবহার করা হবে।

Advertisement
আরও পড়ুন