IPL 2026

একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা, আইপিএলে প্রথম ওভারেই ৩ উইকেট! হায়দরাবাদের প্রফুলকেই অনুসরণ করে সাফল্য

ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রফুল হিংগের অভিজ্ঞতা বলতে মাত্র এক ম্যাচের। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন বিদর্ভের বোলার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২৩:১০
picture of cricket

প্রফুল হিংগে। ছবি: রয়টার্স।

প্রফুল হিংগেকে হিংসা করতে পারেন জসপ্রীত বুমরাহ!

Advertisement

বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার এ বারের আইপিএলে এখনও উইকেটহীন। আর বিদর্ভের অখ্যাত ২৪ বছরের তরুণ অভিষেক ম্যাচের প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে নিলেন! কারা তাঁর শিকার। বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল এবং লুয়ান্দ্রে প্রিটোরিয়াস। তিন জনকেই আউট করেছেন ০ রানে। এই ওভারের পরই ইনস্টাগ্রামে প্রফুলের ফলোয়াড়ের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে যায়।

নিলামে ৩০ লাখ টাকায় প্রফুলকে দলে নিয়েছিলেন কাব্য মারানেরা। সানরাইজার্স হায়দরাবাদের জোরে বোলারকে নিয়ে আগ্রহ দেখায়নি আর কোনও দল। সেই প্রফুল অভিষেকেই নায়ক। আইপিএলের ১৮ বছরের ইতিহাসে যে কীর্তি কেউ গড়তে পারেননি, সেটাই করে দেখালেন। বিশ্বের তাবড় বোলরেরাও পারেননি। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই ৩ উইকেট। প্রফুল হয়তো ম্যাচের পর সাজঘরে ফিরে গায়ে চিমটি কেটে দেখবেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেও নিজের গায়ে চিমটি কাটতে পারেন। এমন স্বপ্নের অভিষেকের ঘোর কাটতে সময় লাগতেই পারে। অস্বাভাবিক নয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে সাফল্য প্রফুলের সামনে আইপিএল খেলার সুযোগ করে দেয়। বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন ২৬.৬৭ গড়ে। ম্যাচের আগে প্রফুল বলেছিলেন, ‘‘সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। প্রথম লক্ষ্য থাকবে দলকে ম্যাচ জেতানো। ট্রফি জেতানোর চেষ্টাও করব।’’ যিনি প্রফুলকে আবিষ্কার করেছেন, সেই হায়দরাবাদের বোলিং কোচ বরুণ অ্যারন বলেন, ‘‘প্রতিভাবান বোলার। পরিশ্রম করতে পারে। ওকে আমরা প্রথম দেখেছিলাম একটা শিবিরে। ট্রায়াল দিতে এসেই নজর কেড়েছিল। তখনও আইপিএল খেলার জায়গায় ছিল না। এখন সম্পূর্ণ প্রস্তুত।’’

অ্যারন ভুল বলেননি। প্রফুলের প্রস্তুতি এত দিন আইপিএলে অপরাজিত থাকা রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপকেই নাড়িয়ে দিল। শুধু কি তাই? প্রফুলের বোলিং নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদেরও। দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ বলে উইকেট নিয়েছেন। ক্রিকেট জনতা উচ্ছ্বাসে লাফিয়ে উঠেছে। ঠিক করে বসার আগেই আবার লাফাতে হয়েছে। প্রফুল হায়দরাবাদ সমর্থকদের বেশ কয়েক ক্যালোরি খরচ করিয়ে দেন প্রথম ম্যাচেই। অথচ ঘরোয়া টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা বলতে মাত্র এক ম্যাচের। সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেই ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন।

গত ১১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল প্রফুলের। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানোর কথা টসের সময় জানিয়ছিলেন ঈশান কিশন। শেষ পর্যন্ত যদিও খেলা হয়নি। রাজস্থানের বিরুদ্ধে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে দিলেন।

প্রফুল ঘরোয়া ক্রিকেট খেলছেন ২০২৪ সাল থেকে। এর মধ্যেই বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফি এবং বিজয় হজারে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। প্রথম থেকেই সাফল্য তাঁকে অনুসরণ করতে শুরু করেছে!

চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনের শিক্ষার্থী ২০২৪ সালে বিশেষ প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। ব্রিসবেনে ১৫ দিন প্রশিক্ষণ নেন। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর বিদর্ভের দলে সুযোগ পান। নাগপুরের তরুণকে আর থামতে হয়নি। এগিয়েছেন ক্রমশ। আইপিএলের প্রথম ম্যাচের পর অখ্যাত প্রফুল ভারতীয় ক্রিকেটের নতুন আকর্ষণ। সব মিলিয়ে নিলেন ৩৪ রানে ৪ উইকেট। তাঁর বলে আউট হয়েছেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগও।

Advertisement
আরও পড়ুন