IPL 2026

রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা

গুজরাত টাইটান্সকে হারিয়ে পর পর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সুনীল গাওস্করের মতে, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১২:৫০
cricket

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

গুজরাত টাইটান্সের এই হার মেনে নিতে কষ্ট হচ্ছে সুনীল গাওস্করের। তাঁর মতে, রবিবার আইপিএলের ফাইনাল হওয়া উচিতই ছিল না। গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেক বেশি বিশ্রাম পেয়েছে, সেখানে শুভমন গিলের দল ফাইনালে নামার আগে ২৪ ঘণ্টাও সময় পায়নি। সেই কারণেই গাওস্করের মতে, রবিবারের বদলে সোমবার হওয়া উচিত ছিল ফাইনাল।

Advertisement

মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে উঠে গিয়েছিল বেঙ্গালুরু। পরের দিন বুধবার তারা অহমদাবাদে পৌঁছে যায়। সেখানে পর্যাপ্ত বিশ্রাম পান বিরাট কোহলিরা। যে মাঠে ফাইনাল হয়েছে সেখানে তিন দিন অনুশীলনও করেন।

অন্য দিকে বেঙ্গালুরুর কাছে হারের পর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হয় গুজরাতকে। নিউ চণ্ডীগড়ে সেই ম্যাচ খেলে শনিবার বিকালে চার্টার্ড বিমানে চণ্ডীগড় থেকে অহমদাবাদে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমান উড়তে দেরি হয়। অবশেষে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ অহমদাবাদে পৌঁছোয় গুজরাত। ফলে ফাইনালের আগে ২৪ ঘণ্টাও সময় পাননি শুভমনেরা।

‘ইন্ডিয়া টুডে’-কে গাওস্কর বলেন, “খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন। আপনি বুঝতে পারছেন না, কখন বিমান উড়বে। কখন অহমদাবাদে পৌঁছোবেন। এই পরিস্থিতিতে চিন্তা হওয়া স্বাভাবিক। শারীরিক ও মানসিক ধকলও বেড়ে যায়। তাই আমার মতে, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে।”

এই পরিস্থিতি এড়ানো যেত বলেও মনে করেন গাওস্কর। তিনি বলেন, “রিজ়ার্ভ দিন রাখা যেত। তা হলে রবিবারের বদলে সোমবার ফাইনাল হত। তাতে গুজরাতের ক্রিকেটারেরা একটু হলেও বেশি বিশ্রাম পেত। আমার মতে এটাই হওয়া উচিত ছিল।”

তবে যে কোনও বড় প্রতিযোগিতার ফাইনাল রবিবার হয়। ছুটির দিন হওয়ায় মাঠে ও টেলিভিশনের পর্দায় বেশি দর্শক খেলা দেখেন বলেই রবিবার ফাইনাল রাখা হয়। তাই সোমবার ফাইনাল হয়তো হত না। কিন্তু ভারতীয় বোর্ড পরবর্তী সময়ে সূচিতে একটি বদল করলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব। প্লে-অফের চারটি ম্যাচই যদি এক মাঠে হয়, তা হলেই কেউ বাড়তি সুবিধা পাবে না। সে ক্ষেত্রে কোনও অভিযোগের জায়গাও থাকবে না।

Advertisement
আরও পড়ুন